Bangladesh · 2026-11-11 20:17:53

মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন

মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন
সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরটি নানা কারণে বিশেষ। এর মধ্যে অন্যতম, এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী। এবারের প্রতিযোগিতার আয়োজক ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকো। আর এ কারণে নানান ঝামেলায়ও পড়তে হচ্ছে আয়োজকদের। এবার ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল; শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫টি দেশের প্রতিযোগী বাদ পড়তে যাচ্ছেন। কেন এমন পরিস্থিতি?
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি পুয়ের্তো রিকো পৌঁছেও গেছেন। ৮–১০ নভেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগীদের ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন করার সময়। তবে এই সময়ের মধ্যে অনেক দেশের প্রতিযোগী পুয়ের্তো রিকো পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের প্রতিযোগী অভিনেত্রী সামিরা খান মাহি পুয়ের্তো রিকো পৌঁছে গেছেন১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক আয়োজন। সেই হিসাবে আজ ১১ নভেম্বর প্রতিযোগীদের উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা আছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, প্রায় ১৫টি দেশের প্রতিযোগী এবার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। অংশ নিতে না পারাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে।
কয়েকটি দেশের প্রতিযোগী ভিসা জটিলতার কারণে এবারের আয়োজনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। কেউ আবার দুর্ঘটনার শিকার হয়েছেন।
ব্যক্তিগত কারণে যাঁরা সরে দাঁড়ালেন
মিস ইউনিভার্স অস্ট্রিয়া ২০২৬ মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সরে দাঁড়িয়েছেনকয়েক দিন আগে ইনস্টাগ্রামে এক পোস্টে মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া আমেরসন জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাকে নিজের সঙ্গে, নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকতে হবে। পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’
মিস ইউনিভার্স বুলগেরিয়া ২০২৬ আনা–মারিয়া সড়ক দুর্ঘটনার কারণে মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা–মারিয়া এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনার কারণে আমাদের মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা মারিয়ার শারীরিক অবস্থা এমন যে তিনি মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন না।’ এই মুহূর্তে প্রতিযোগীর সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, মিস ইউনিভার্স বুলগেরিয়ার প্রথম রানারআপ মূল আসরে অংশ নিতে পারেন।
মিস ইউনিভার্স সেন্ট মার্টিন ২০২৬ ম্যাডলি মারিয়ানব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অনেক ভেবেচিন্তে এবং গভীর আবেগ নিয়ে জানাচ্ছি, মিস ইউনিভার্সের এই যাত্রা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। অনেক কৃতজ্ঞতা ও আগ্রহ নিয়ে আমি এই সুযোগ গ্রহণ করেছিলাম।’
৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্সএশিয়ার ৬টি দেশের প্রতিযোগী বাদ পড়লেন কেন
এশিয়ার অন্যতম শক্ত প্রতিযোগী বিবেচনা করা হয় থাইল্যান্ডকেএশিয়ার ৬টি দেশের প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। করপোরেট ও ফ্র্যাঞ্চাইজি–সংক্রান্ত বিরোধের কারণে ৭৫তম আসরে দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ লাওস ও মালয়েশিয়া ছাড়া বাকি দেশগুলোর প্রতিযোগীরা বেশ সম্ভাবনাময় ছিলেন বলেই মন্তব্য করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভিসা জটিলতাও যখন কারণ
ভিসা জটিলতায় যেতে পারেননি মিস ইউনিভার্স নেপাল ২০২৬এ ছাড়া ভিসা জটিলতার কারণে আটকে গেছে বেশ কিছু দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবার মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের সুন্দরীরা।
যাঁদের কারণ জানা যায়নি
অন্যদিকে কোনো কারণ না জানিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মালদ্বীপের বিজয়ী আমিনাথ ইউইন মোহাম্মদ। একইভাবে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স মরক্কো সারা আল্লালি। এই দুই প্রতিযোগীর কেউই প্রকাশ্যে কারণ জানাননি।
সূত্র: মিস ইউনিভার্স ডটকম ও এনডিটিভি
সামিরা খান মাহি হলেন বাংলাদেশের নতুন মিস ইউনিভার্স, বিশ্ব আসরে যাচ্ছেন কতগুলো পোশাক নিয়ে?

Source - www.prothomalo.com ↗