সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের সামান্য অংশও দেশের বাইরে নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দেশটির দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়েদানকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ইরানের সমৃদ্ধকৃত পারমাণবিক উপাদান দেশের বাইরে নেওয়া হবে না। এ বিষয়ে রাশিয়াকেও নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। এসব উপাদান ইরান নিজস্ব কাজে ব্যবহার করবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিষয়ে রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হামলার জবাবে তাদের দূরবর্তী সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হানা হবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা চলছে না বলেও জানান তিনি।
সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে এই সমৃদ্ধকরণের হার অনেক বেশি। তবে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই ইউরেনিয়ামের কতটা অবশিষ্ট রয়েছে, তা নিশ্চিত নয়।
ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। হামলায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
Source - www.bd24live.com ↗