বাংলাদেশ ফুটবল দলে হামজা চৌধুরীর উপস্থিতি বদলে দিয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের চিত্র। সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতে দর্শক টানতে হিমশিম খেলেও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল উল্টো দৃশ্য। গ্যালারিতে জায়গা করে নিতে একপর্যায়ে স্টেডিয়ামের গেট ভেঙেই ঢুকে পড়েছেন শত শত সমর্থক। তাদের সামলাতে গিয়ে অসহায় হয়ে পড়েন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগে ও পরে কয়েক দফায় স্টেডিয়ামের একাধিক প্রবেশপথ দিয়ে দল বেঁধে ঢুকতে থাকেন দর্শকরা। তিন ও চার নম্বর গেট দিয়ে তাদের এই অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকাতে পারেননি নিরাপত্তাকর্মীরা। বাধা উপেক্ষা করে দ্রুত মাঠে ঢুকে পড়েন সমর্থকরা। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে দেখা যায় তাদের।
অথচ সাফের প্রথম দিকের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি ছিল বেশ হতাশাজনক। টিকিটের সর্বনিম্ন দাম এক হাজার টাকা নির্ধারণ করায় শুরু থেকেই অসন্তোষ ছিল সমর্থকদের মধ্যে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় দিয়েও গ্যালারি ভরানো যায়নি। পরে সবার জন্য টিকিটের দাম ২০০ টাকা কমিয়ে সর্বনিম্ন মূল্য ৮০০ টাকা করা হয়।
হামজার টানে উপচে পড়া দর্শক, গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ

তাতেও খুব একটা পরিবর্তন আসেনি। বুধবার দিনের প্রথম ম্যাচে ভারত ও মালদ্বীপের লড়াইয়ে গ্যালারির বড় অংশই ছিল ফাঁকা। কিন্তু হামজা চৌধুরী ঢাকায় ফেরার পর থেকেই বাংলাদেশের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে মাঠে দেখতে সমর্থকদের মধ্যে তৈরি হয় বাড়তি উন্মাদনা।
সেই উম্মাদনারই প্রতিফলন দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। টিকিটের দাম নিয়ে আপত্তি, শুরুর ম্যাচগুলোতে দর্শকখরা- সব ছাপিয়ে জাতীয় স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামে। তবে দর্শকদের এই বিপুল আগ্রহের বিপরীতে প্রবেশপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা নতুন করে সামনে এসেছে।
Source - www.bd24live.com ↗