Bangladesh · 2026-11-11 21:22:28

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য’, নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য’, নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর
সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর হাতে চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন খোরশেদ আলম নামে শ্রমিক লীগের এক কর্মী। এ ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার তুলতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারতে মারতে বলেন, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’

ঘটনার পর মঙ্গলবার রাতেই ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন তানিয়া আমিন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তিনি অভিযোগ করেন, খোরশেদ আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়। জাতীয় নারীশক্তি।’

ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারছেন এনসিপি নেত্রী। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যক্তিকে মারধর করেন। একপর্যায়ে তানিয়াকে বলতে শোনা যায়, ‘এই ধরনের পোস্ট করার সাহস পাস কোথা থেকে? এ ধরনের পোস্ট তুই করবি কেন? তারা মেয়েদের দুর্বল মনে করে। ঘরে তোর মা-বোন নেই?’ এ সময় আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, তানিয়া আমিন একজন জুলাই যোদ্ধা। তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের কর্মী খোরশেদ আলম। এনসিপির নেতা-কর্মীরা তাঁর দোকানে গিয়ে প্রতিবাদ করেন এবং তাঁকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। পরে পুলিশ খোরশেদ আলমকে নিয়ে যায়। তাঁর মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়টির প্রমাণও পুলিশ পেয়েছে বলে দাবি করেন তিনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, তানিয়া আমিন নামে এক এনসিপি নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে খোরশেদ আলমকে আটক করে থানায় আনা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗