গত ৫ বছরে অনলাইন বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা ব্যয় করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে এই বিশাল অংকের অর্থ।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানিয়েছে। বিটিআরসির আইনজীবী এ কে এম আলমগীর পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টে দেওয়া বিটিআরসির প্রতিবেদনে জানানো হয়, অনলাইনে বিজ্ঞাপনে গ্রামীণফোন খরচ করেছে ৪৩ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬২৯ ডলার। রবি খরচ করেছে ৩২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ডলার এবং বাংলালিংক খরচ করেছে ২৮ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৯৬৭ ডলার।
গুগল ও ফেসবুকে ৫ বছরে ৩ মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন বাবদ খরচ ৮ হাজার ৭৪৪ কোটি টাকা

রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এনে বিদেশি প্রতিষ্ঠান গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে গত ৯ এপ্রিল রিট করেন হাইকোর্টের ছয়জন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে গুগল, আমাজন, ফেসবুক ও ইউটিউবের বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে রুল জারি করেন হাইকোর্ট।
একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটি অনলাইনে বিজ্ঞাপন খাতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো কত টাকা নিয়েছে এবং নিচ্ছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশনার পর বিটিআরসি কর্তৃপক্ষ এ–সংক্রান্ত তথ্য চেয়ে তিনটি ফোন কোম্পানিকে চিঠি পাঠায়। চিঠির পরিপ্রেক্ষিতে ফোন কোম্পানিগুলো বিটিআরসিকে অনলাইন বিজ্ঞাপন বাবদ খরচের হিসাব জমা দেয়।
The post গুগল ও ফেসবুকে ৫ বছরে ৩ মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন বাবদ খরচ ৮ হাজার ৭৪৪ কোটি টাকা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗