Bangladesh · 2026-11-11 21:41:30

কপ-৩১ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান

কপ-৩১ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান
বর্জ্যকে সম্পদে রূপান্তর, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স-এ বক্তব্য দেন তিনি।

বক্তব্যের শুরুতে গুরুত্বপূর্ণ এ বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ার বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে। এর আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্যপানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় নির্মাণাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এ প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের পাশাপাশি প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পাট বাংলাদেশের সোনালি আঁশ।

প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এ সময় সম্মেলনে অংশগ্রহণকারীদের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মিথেন নিঃসরণ কমানোর বিষয়েও বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতিকে উৎসাহিত করছে।

একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একক দেশের প্রচেষ্টায় শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমান সময়ের সমস্যা সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার। বক্তব্যের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হতে না দিয়ে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে।

বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানান তিনি। তিনি বলেন, বৈশ্বিক সহযোগিতা আরও সুদৃঢ় করা এবং সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

The post কপ-৩১ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরলেন ডা. জুবাইদা রহমান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗