স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাবেন। তারা সেখানে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।
ওই চার কর্মকর্তা হলেন- মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন ও ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
অফিস আদেশে জানানো হয়েছে, কর্মকর্তারা আগামী ১৫-১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে পাঁচদিন (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।
এতে আরও বলা হয়, সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। বিদেশ ভ্রমণ ও ট্রানজিটসহ কর্মকর্তাদের এই সময়কাল সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে, তবে অনুমোদিত সময়ের বাইরে তাদের অবস্থান দীর্ঘায়িত করার অনুমতি দেওয়া হবে না।
কুকুর বাছাই কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছেন ৪ কর্মকর্তা

দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হবে।
আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে আদেশে সইকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আদেশ জারি করা হয়েছে।
তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
Source - www.bd24live.com ↗