তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এ নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ আয়োজন করেন। নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

The post তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗