Bangladesh · 2026-11-12 00:28:18

দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের

দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের
মো. আসাদুজ্জামান (৩১) দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন মৌলভীবাজারে। প্রতিদিনের মতো গত ১৮ আগস্ট তিনি কাজে বেরিয়েছিলেন। তাঁর স্বজনেরা জানান, ওই দিন বেলা ১১টার দিকে কুলাউড়ায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে অবসরের বয়স পর্যন্ত আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে রেনাটা ২৯ বছর ধরে আসাদুজ্জামানের পরিবারকে বেতন–ভাতা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
শুধু তা–ই নয়, সাধারণ কর্মীদের বেতন বাড়লে মৃত আসাদুজ্জামানেরও বেতন বাড়বে। বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি পাবেন বোনাসও।
আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেই প্রতিক্রিয়া ধরে প্রথম আলো কথা বলেছে রেনাটার কর্মকর্তারা ও নিহত আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে। রেনাটার পক্ষ থেকে ২৯ বছর ধরে বেতন–ভাতা দেওয়ার ঘোষণার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
স্ত্রী ও সন্তানের সঙ্গে মো. আসাদুজ্জামানআসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। আসাদুজ্জামানের পরিবার থেকে জানা যায়, তাঁর পরিবারে মা–বাবা, স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। সেই সংসারে ১০ বছরের একটি ছেলে রয়েছে। নাম আকিব।
আকিবের মা চাকরিজীবী, সে মায়ের কাছে থেকে পড়াশোনা করে। দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম।
আসাদুজ্জামানের চাচা ইউসুফ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মো. আলাউদ্দিন ও ভাবি হেনা বেগমের দুই ছেলে, দুই মেয়ের মধ্যে আসাদুজ্জামান ছিলেন দ্বিতীয়। আসাদুজ্জামানের ভাইবোন সবাই বিবাহিত।
ইউসুফ আলী বলেন, ‘রেনাটার কর্মকর্তা বলেছিলেন, “আসাদুজ্জামান শুধু শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই। প্রাতিষ্ঠানিকভাবে তিনি রেনাটার সঙ্গেই থাকবেন। মাসে মাসে পরিবারকে বেতন–ভাতা দেওয়া হবে।”’
ইউসুফ আলী আরও বলেন, এতে আসাদুজ্জামানের বৃদ্ধ মা–বাবা, স্ত্রী ও শিশুসন্তানেরা উপকৃত হবে।
ইউসুফ আলীর মুঠোফোনে কথা হয় একই গ্রামের শিক্ষক আবদুল হান্নানের সঙ্গে। তিনি আসাদুজ্জামানের পরিবারের হয়ে নথিপত্র তৈরিতে সহায়তা করছেন। তিনি জানান, রেনাটার পক্ষ থেকে আগামী শনিবার তাঁদের ঢাকায় যেতে বলা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র তিনি তৈরি করছেন। বেতন–ভাতা পরিবারের কাকে কতটুকু দেওয়া হবে, সেটা নিয়ে তাঁরা এখনো আলোচনা করছেন।
আসাদুজ্জামানের স্ত্রী সুন্দরী খাতুনের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোন নম্বরে কল করলে তাঁর ভাই বিজয় আহমেদ ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, বোন ও বোনের সন্তানেরা এখন তাঁদের বাড়িতে রয়েছে। আসাদুজ্জামানের সঙ্গে তাঁর বোনের চার বছর আগে বিয়ে হয় বলে জানান তিনি।
মৃত কর্মীকে ২৯ বছর ধরে বেতন–ভাতা দেওয়ার ঘোষণার বিষয়ে রেনাটার মানবসম্পদ বিভাগের প্রধান নিসবাত আনোয়ার প্রথম আলোকে বলেন, রেনাটায় এটা নতুন নয়। এর আগেও কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যাওয়া কর্মীদের কয়েকজনের পরিবারকে মাসে মাসে বেতন দেওয়া হয়েছে। তবে এবারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বেশি প্রচার পেয়েছে।
নিসবাত আনোয়ার আরও বলেন, রেনাটার প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে, অবসরের বয়স ৬০ বছর। আসাদুজ্জামানের যে বয়স, তাতে বেঁচে থাকলে ৬০ বছর বয়স পর্যন্ত অর্থাৎ আরও ২৯ বছর তিনি চাকরি করতে পারতেন। সেই ২৯ বছর তাঁর পরিবারকে মাসে মাসে বেতন দেওয়া হবে। সেই সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধি ও ভাতার সুবিধা দেবে প্রতিষ্ঠান।
‘কর্মীদের নিয়েই বড় হয় প্রতিষ্ঠান। তাই একজন কর্মীকে পরিবার হিসেবে বিবেচনা করে তাঁর পাশে থাকার দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানের’, বলেন নিসবাত আনোয়ার।

Source - www.prothomalo.com ↗