Bangladesh · 2026-11-12 01:21:37

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন তাওহিদ হৃদয়। আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। গতকাল বুধবার যথারীতি হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

৫১১ রেটিং পয়েন্ট নিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সের সুবাদেই বড় লাফ দিলেন তিনি। হৃদয়ের অতিমানবীয় ব্যাটিংয়ে সিলেটে দ্বিতীয় টেস্ট ড্র করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৪২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন তিনি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শও করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন। আর ১২ ধাপ উন্নতি করে ৫২তম স্থানে জায়গা করে নিয়েছেন কাভেম হজ। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে জায়গা করে নিয়েছেন রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৭৩ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন রহমত।

দুর্দান্ত এই ইনিংসের সুবাদে ক্যারিয়ারসেরা ৭৩৫ রেটিং পয়েন্টও পেয়েছেন রহমত শাহ। র‍্যাঙ্কিংয়ে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। শারজায় দ্বিতীয় ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি করে নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।

বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান। সিরিজসেরা পারফরম্যান্সের পর ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম হয়েছেন। তার সতীর্থ জাস্টিন গ্রিভস এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম স্থানে উঠেছেন। নিউজিল্যান্ড ও ভারতের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে।

বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। দ্বিতীয় ম্যাচে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১তম হয়েছেন আর্শদীপ সিং। সিরিজে এখন পর্যন্ত সাত উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ভারতের গুরনুর ব্রার। সেরা একশর বাইরে থেকে উঠে এসে বোলারদের তালিকায় ৪৮তম স্থানে জায়গা পেয়েছেন তিনি।

নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি আট ধাপ এগিয়ে যৌথভাবে ৪৩তম এবং কাইল জেমিসন ২৪ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠেছেন।

The post আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয় appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗