Bangladesh · 2026-11-12 08:00:00

চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল

চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল
বেইজিংয়ের সাবেক সিআইএ স্টেশন চিফ কিথ রিগিন বেইজিংগামী মার্কিন নির্বাহীদের সেখানকার সুন্দরী নারীদের সম্ভাব্য আগ্রহ সম্পর্কে একটি সহজ সতর্কবার্তা দিতেন, ‘চীন বা এ–জাতীয় স্থানে গেলে আপনার রূপ রাতারাতি বেড়ে যায় না।’
কিন্তু রিগিনের মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহী এবং সরকারি কর্মকর্তারা প্রায়ই অতিরিক্ত অহংকারী হন। তাঁরা এসব সতর্কবার্তা উপেক্ষা করেন এবং অনেক সময় মনে করেন, নিরাপত্তার নিয়মাবলি বুঝি তাঁদের জন্য প্রযোজ্য নয়। আর ঠিক এই মানসিকতাই তাঁদের চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) ক্রমবর্ধমান কৌশলী গোয়েন্দা ফাঁদের সহজ শিকারে পরিণত করে।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং হতে যাচ্ছেন এই পর্যন্ত এমএসএসের ‘হানি ট্র্যাপ’-এ পড়া সবচেয়ে প্রভাবশালী মার্কিন নাগরিক। অন্তত দুই বছর আগে অ্যালিস হুয়াং নামের এক কথিত এমএসএস এজেন্টের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন, যা পরবর্তী সময়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। তবে তিনি প্রথম নন; রিগিন আমাকে জানিয়েছেন, এ ধরনের অপারেশনের শিকার হওয়া আরও অন্তত ২০ জন ভুক্তভোগীর কথা তিনি জানেন।
চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবেএনভিডিয়ার এ ঘটনা কয়েকটি কারণে গোয়েন্দা বিশ্বকে নাড়া দিয়েছে। মামলার ব্যাপারে অবগত এক কর্মকর্তার মতে, মার্কিন কর্মকর্তারা অন্তত দুই বছর ধরে এনভিডিয়ার সঙ্গে চীনা লেনদেনের তদন্ত করছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের এই দুর্বলতা বা ঝুঁকির বিষয়ে প্রায় এক বছর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়েছিল। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছরের বসন্তেই এ মামলা–সম্পর্কিত এক আন্তসংস্থা সতর্কবার্তা প্রচারে সহায়তা করেছিলেন।
কিন্তু প্রশ্ন হলো, পদক্ষেপ নিতে এত দেরি কেন হলো? এটাই এখন সবচেয়ে বড় ও ভীতিকর প্রশ্ন। কেন এর লাগাম টানতে আগেভাগে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হলো না? প্রাথমিক প্রমাণ ইঙ্গিত করে যে এমএসএস দুটি লক্ষ্য নিয়ে কাজ করছিল। একদিকে এনভিডিয়ার মূল্যবান চিপ হাসিলের জন্য সরবরাহ-শৃঙ্খলে অনুপ্রবেশ করা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নীতিকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।
ঘটনাটি যতই খতিয়ে দেখা যায়, রহস্যগুলো ততই জটিল হয়ে ওঠে। ট্রাম্প হুয়াংয়ের নিরাপত্তাঝুঁকির খবর জানার পরও কেন তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেন? প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এমএসএসের সম্পৃক্ততার কথা যদি জেনসেন না-ই জেনে থাকেন, তবে এফবিআই কেন তাঁকে কোনো সুরক্ষামূলক বা প্রতিরোধমূলক ব্রিফিং দিল না? কাশ প্যাটেলের এফবিআই কি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে চীনের এই গোয়েন্দা নজরদারির পেছনে পর্যাপ্ত সময় দিতে পারেনি?
২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াংসিআইএ এবং এফবিআইয়ের চীনবিষয়ক বিশেষজ্ঞদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ট্রাম্পের এক প্রভাবশালী বন্ধুর সঙ্গে একজন সন্দেহভাজন চীনা এজেন্টের সম্পর্কের তথ্য থাকা সত্ত্বেও গোয়েন্দা তদন্তটি কেন থমকে গিয়েছিল?
হুয়াং যেন ধরে নিয়েছিলেন যে তাঁর ওপর কোনো আঁচ লাগবে না। ২০২৪ সালের জুনে তাইপের এক বারে এবং পরের বছর মে মাসে একই শহরের এক ট্রেড শোতে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর দুটি ছবি নিউইয়র্ক টাইমস বছর খানেক আগে প্রকাশ করে। এই ছবিগুলো আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এনভিডিয়া তখন সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ নামের একটি সংস্থায় উন্নত চিপ বিক্রি করছিল, যেখানে অ্যালিস হুয়াং কর্মরত ছিলেন এবং প্রতিষ্ঠানটি মূলত একটি চীনা গেমিং কোম্পানি থেকেই রূপ নিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এনভিডিয়ার শীর্ষ মহলে কোনো বিপদের ঘণ্টা বাজেনি।
সাধারণ মানুষ রোমাঞ্চকর গোয়েন্দা কেলেঙ্কারি দেখতে ভালোবাসে, বিশেষ করে তার সঙ্গে যদি যৌনতার যোগ থাকে। এনভিডিয়া প্রধান তাঁর স্ত্রী, পরিবার ও প্রতিষ্ঠানের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার পর নিউইয়র্ক পোস্ট গত সোমবার শিরোনাম লিখেছিল, ‘হুয়াং হুয়াং ব্যাং ব্যাং’।
চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে চীন কেন বিপুল পরিমাণে সোনা কিনছে? কাহিনি কীতবে এ ঘটনা সাধারণ কেলেঙ্কারির চেয়েও অনেক গভীরে প্রোথিত। কারণ, এর সঙ্গে জড়িত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অন্যতম মূল্যবান গোপন সম্পদ। আর অন্য পাশে রয়েছেন এমন একজন প্রেসিডেন্ট, যিনি চীনকে ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা হুমকি হিসেবে দেখার বদলে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য জোর দিয়ে আসছেন এবং তাঁকে অবলীলায় ‘আমার বন্ধু’ বলে আখ্যা দেন।
ট্রাম্প অবশ্য এই কেলেঙ্কারিতে জেনসেন হুয়াংয়ের ভূমিকাকে পাত্তা দেননি। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি স্রেফ মনে করি, উনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ। মানে, উনি দারুণ একজন ব্যক্তিত্ব। তিনি একটি দুর্দান্ত মার্কিন কোম্পানি গড়ে তুলেছেন...এবং আমি শতভাগ নিশ্চিত যে উনি এই পরিস্থিতি ভালোভাবেই সামলে উঠবেন।’
ট্রাম্প দাবি করেন, এক বছর আগে তাঁকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছিল কি না, কিংবা মে মাসে বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে সম্মেলনে হুয়াংকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা তাঁর মনে নেই। তবে সম্প্রতি তিনি হুয়াংকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি কোনোভাবে বুঝতে পেরেছিলে যে সে একজন স্পাই ছিল?’ হুয়াং জবাবে বলেছেন, ‘আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে একজন স্পাই।’ আর ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই তাঁকে বিশ্বাস করি।’ ট্রাম্পের জন্য বিষয়টি বোধ হয় সেখানেই শেষ!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ন্যাশনাল মেডেল অব সায়েন্স নিচ্ছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ৮ অক্টোবর, ওয়াশিংটন ডিসি। এনভিডিয়ার এই কথিত এমএসএস এজেন্টের মুখোমুখি হওয়া প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা দুই দশক ধরে চীনের ক্রমবিকাশমান আক্রমণাত্মক গোয়েন্দা তৎপরতা সত্ত্বেও শীর্ষ মার্কিন সরকারি ও ব্যবসায়ী কর্তারা এখনো এমএসএসকে সঠিকভাবে চিনতে ব্যর্থ হচ্ছেন।
আমার গবেষণাধীন উপন্যাস ‘বার্নিং রেড’-এর কাজ করার সময় আমি এই ইতিহাসের গভীরে ডুবে ছিলাম। বইটি ২০১০ ও ২০১১ সালের একটি এমএসএস অপারেশনের ওপর ভিত্তি করে লেখা, যা চীনে সিআইএর গোয়েন্দা নেটওয়ার্ককে পুরোপুরি তছনছ করে দিয়েছিল। সাবেক এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, সেই ঘটনার শেষ নাগাদ সিআইএর হয়ে কাজ করা ৮০ জনের বেশি চীনা নাগরিককে চিহ্নিত করে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়েছিল চীন।
এমএসএস একসময় অত্যন্ত সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করত; তাদের কর্মকর্তারা বলতেন ‘হাজারটা বালুকণা থেকে ছোট ছোট তথ্য ছেঁকে নেওয়া।’ কিন্তু সেই দিন বদলে গেছে। এটি এখন একটি আগ্রাসী ও চরম ঝুঁকিপূর্ণ সংস্থায় পরিণত হয়েছে, যাদের কাজ করার ধরন সাবেক সোভিয়েত কেজিবির মতোই দুর্ধর্ষ। সাবেক মার্কিন কর্মকর্তারা জানান, ২০০৫ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর তাদের নজরদারি বহুগুণ বেড়ে যায়, যখন এমএসএস গোপন নথিতে যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে।
যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছেএআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন‘হানি ট্র্যাপ’ হচ্ছে চীনের প্রিয় ও কার্যকর একটি কৌশল। ১৯৯০-এর দশকে ‘পারলার মেইড’ ছদ্মনামের এক তদন্তে এফবিআই ভেবেছিল, তারা ক্যাটরিনা লিউং নামের এক চীনা এজেন্টকে নিজেদের দলে ভিড়িয়েছে। কিন্তু ডেভিড ওয়াইজের ২০১১ সালের বই ‘টাইগার ট্র্যাপ: আমেরিকাস সিক্রেট স্পাই ওয়ার উইথ চায়না’-র তথ্যমতে, লিউং উল্টো এফবিআইয়ের দুজন কর্মকর্তাকে প্রেমে ফেলে বশ করেন এবং গোপনে বেইজিংয়ের কাছে মার্কিন গোয়েন্দা তথ্য পাচার করেন।
সাবেক গোয়েন্দা কর্মকর্তারাও বারবার এ ধরনের বিপদের ব্যাপারে সতর্ক করেছেন। সিআইএ ছাড়ার পর কিথ রিগিন এবং এফবিআইয়ের সাবেক চীনবিষয়ক কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান রুডি গ্যারিন যৌথভাবে ‘পামির’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা চীন সফররত মার্কিন কোম্পানিগুলোকে করপোরেট গোয়েন্দাগিরির হুমকি সম্পর্কে সতর্ক করে। গ্যারিন আমাকে বলেন, ‘আমরা অসংখ্য শীর্ষ নির্বাহীকে ব্রিফ করেছি। কিন্তু দুঃখের বিষয়, তাঁদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নেননি।’
বেইজিং সফরের সময় একজন মার্কিন নির্বাহীকে যেভাবে চীনা গোয়েন্দারা নিশানা করেছিলেন, গ্যারিন সেই স্মৃতিকথা তুলে ধরেন। সেই নির্বাহী যখন তাঁর হোটেলের ফিটনেস সেন্টারে গিয়েছিলেন, তখন পাশের এক্সারসাইজ বাইকে থাকা এক সুন্দরী চীনা তরুণী তাঁর সঙ্গে নিখুঁত ইংরেজিতে গল্প জুড়ে দেন। পরদিনও তাঁকে সেখানে পাওয়া যায় এবং তিনি আলাপ জমাতে উন্মুখ ছিলেন। তবে তৃতীয় দিনে পাশের বাইকে যে ব্যক্তি বসেন, তিনি ছিলেন এক সুদর্শন তরুণ। গ্যারিন ব্যাখ্যা করেন, চীনারা প্রতিটি সম্ভাব্য কোণ থেকেই চেষ্টা চালিয়ে যায়।
‘জেনসেন হুয়াংয়ের মতো কোনো শীর্ষ নির্বাহী কোনো শহরে পা রাখার আগেই তাঁর ওপর কীভাবে হামলা চালানো হবে, তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা চীনাদের টেবিলে তৈরি থাকে,’ গ্যারিন বুঝিয়ে বলেন। যদি একজন মানবী বা মানব এজেন্ট লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাতে পারে, তবে তা চীনের সিগন্যাল ইন্টেলিজেন্স সার্ভিস ‘৩পিএলএ’-কে ভীষণ সাহায্য করে। কারণ, তখন তারা খুব সহজেই সেই ব্যক্তির মোবাইল বা ল্যাপটপে ডেটা নজরদারির যন্ত্র বা স্পাইওয়্যার বসিয়ে দিতে পারে।
স্পাই এজেন্সিগুলো কখনো কখনো তাদের লক্ষ্যবস্তুকে ঘুষ দেওয়া বা ব্ল্যাকমেলের চেষ্টা করে। কিন্তু কোটিপতি নির্বাহীদের ক্ষেত্রে মনে হয় খুব বেশি পরিশ্রম করতে হয় না—তাদের কামবাসনা, অহংকার আর অন্ধ ঔদ্ধত্যকে কাজে লাগালেই কেল্লাফতে!
ডেভিড ইগনেশিয়াস ওয়াশিংটন পোস্টের কলামিস্ট। ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗