Bangladesh · 2026-11-12 08:39:07

উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ হোক

উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ হোক
ব্যবসা শুরুর ক্ষেত্রে উদ্যোক্তার প্রথম কাজগুলোর একটি হলো কোম্পানির নামের ছাড়পত্র নেওয়া এবং নিবন্ধন সম্পন্ন করা। অথচ প্রাথমিক এই কাজই অনেক সময় উদ্যোক্তাদের জন্য দীর্ঘ ভোগান্তি হয়ে দাঁড়ায়। সরকারি দপ্তরের একাধিক ধাপ, কাগজপত্র জমা, আবেদন যাচাই ও নিবন্ধন সনদ পাওয়ার অপেক্ষায় ব্যবসা শুরুর পরিকল্পনা পিছিয়ে যায়। এতে উদ্যোক্তার সময় ও অর্থের অপচয় হয়, পাশাপাশি অনিশ্চয়তা তৈরি হয়। এই বাস্তবতায় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) স্বয়ংক্রিয় ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালুর উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
প্রথম আলোর খবর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার নতুন এ ব্যবস্থা চালু হবে। কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন নতুন ব্যবস্থায় জমা দিতে হবে। এতে নির্ধারিত শর্ত পূরণ করা আবেদন তাৎক্ষণিকভাবে নিবন্ধনের সুযোগ পাবে। নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে। আমরা আশা করি, স্বয়ংক্রিয় ব্যবস্থাটি কার্যকর হলে ব্যবসা শুরুর প্রাথমিক প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।
বাংলাদেশের অর্থনীতির আকার যত বড় হচ্ছে, নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা তত বাড়ছে। আবার সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কমে আসায় তরুণদের একটি অংশ উদ্যোক্তা হওয়ার পথ খুঁজছেন। এ বাস্তবতায় ব্যবসায় প্রবেশের সুযোগ সহজ ও স্বয়ংক্রিয় করা জরুরি হয়ে পড়েছে। আগের ব্যবস্থায় অনলাইনে আবেদন করার সুযোগ থাকলেও নানা প্রতিবন্ধকতা ছিল। নামের ছাড়পত্রের পর প্রয়োজনীয় নথি ও ফি জমা দিয়ে নিবন্ধনের আবেদন করতে হতো। কাগজপত্রে ভুল বা তথ্যের ঘাটতি থাকলে সংশোধন করে আবার জমা দিতে হতো। কোনো কোনো ক্ষেত্রে আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের যাচাইয়ের অপেক্ষায় থাকতে হতো।
সম্প্রতি প্রথম আলোর একাধিক প্রতিবেদনে আরজেএসসির ওয়েবসাইটের কারিগরি সমস্যা, সেবা ব্যাহত হওয়া এবং দাপ্তরিক দুর্বলতার চিত্র উঠে এসেছে। ফলে উদ্যোক্তাদের বারবার যোগাযোগ করতে হতো, পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নিতে হতো ও ব্যবসা শুরুর আগে বাড়তি অর্থ ব্যয় করতে হতো।
এই বিলম্বের ক্ষতি শুধু সময় নষ্ট হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। কোম্পানি নিবন্ধন না হওয়া পর্যন্ত অনেক উদ্যোক্তা ব্যাংক হিসাব খোলা, ব্যবসায়িক চুক্তি সম্পাদন, বিনিয়োগ গ্রহণ কিংবা প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা এগিয়ে নিতে পারেন না। ফলে সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মী নিয়োগ ও কার্যক্রম শুরুর পরিকল্পনা পিছিয়ে যায়। ব্যবসার প্রাথমিক পর্যায়েই বাড়তি পরিচালন ব্যয় বহন করতে হয়। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা ও নতুন বিনিয়োগকারীদের জন্য এই বিলম্ব বড় বাধা।
নতুন ইবিআরএসের বড় সুবিধা হলো, আবেদনকারীর তথ্য ও দলিল যাচাইয়ের প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যও রয়েছে। এতে সরকারি দপ্তরে সরাসরি যাওয়ার প্রয়োজন কমবে, সেবার স্বচ্ছতা বাড়বে এবং উদ্যোক্তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি ইতিবাচক।
তবে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করলেই সব সমস্যার সমাধান হবে না। নতুন ব্যবস্থার কারিগরি সক্ষমতা ও নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করতে হবে। যেসব আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না, সে ক্ষেত্রে যাচাইয়ের সময়সীমা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা ও জালিয়াতি প্রতিরোধেও যথাযথ ব্যবস্থা থাকতে হবে। সফটওয়্যার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করাও জরুরি।

Source - www.prothomalo.com ↗