Bangladesh · 2026-11-12 09:29:14

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ২ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ২ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ দেশটির মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে পড়েছে। এ ছাড়া সৌদির পূর্বাঞ্চলে একটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে পড়ে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানায়। জোটের দাবি অনুযায়ী, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এ ছাড়া পশ্চিম সৌদি আরবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মক্কা ও দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত করা হয়।

হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের উত্তেজনা বৃদ্ধির মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে জোটটি।

Source - www.bd24live.com ↗