পয়সা উসুল। জাতীয় স্টেডিয়ামে গতকাল এমনই এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু জয়ই তুলে নেয়নি, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদরা খেলেছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ।
ম্যাচ শেষেও দর্শকদের মধ্যে রয়ে গেছে সেই রোমাঞ্চের রেশ। পুরো মাঠজুড়ে দাপট দেখিয়েছেন হামজা চৌধুরী। মাঝমাঠে তাঁর উপস্থিতি, বল নিয়ন্ত্রণ ও সতীর্থদের সঙ্গে সমন্বয় ছিল চোখে পড়ার মতো। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একটি গোলও করেছেন তিনি।
এর আগে শমিত সোমের গোলেও অবদান রাখেন হামজা। বাংলাদেশের প্রথম গোলটি আসে তাঁর ক্রস থেকেই। অধিনায়ক হিসেবে অভিষেকের দিনটি তাই স্বপ্নের মতো কেটেছে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।
এমন পারফরম্যান্সের পর শিষ্যের প্রশংসা করতে কার্পণ্য করেননি কোচ থমাস ডুলি। হামজার খেলায় মুগ্ধ হয়ে তাঁকে ১০-এ ১০ দিয়েছেন তিনি। ডুলি বলেন, ‘অবশ্যই ১০-এ ১০! সে (হামজা) অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’
হামজাকে ১০-এ ১০ দিলেন কোচ ডুলি, প্রতিটি ম্যাচে চান অধিনায়ক

হামজার নেতৃত্বগুণও অসাধারণ মনে করেন ডুলি। তাই সামনে প্রতিটি ম্যাচেই তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখতে চান এই কোচ। তিনি বলেন, ‘আমি চাই সে প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করুক। সে একাদশের মূল খেলোয়াড়। তা ছাড়া মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও তার রয়েছে।’
Source - www.bd24live.com ↗