নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে খেলতে আসেনি ভারতের ক্রিকেট দল। তবে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে এসেছে দেশটির ফুটবল দল। ঢাকায় নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হলেও খাবারের মান ও একই মেনু বারবার পরিবেশন করা নিয়ে অভিযোগ তুলেছেন ভারতের ফুটবল দলের কোচ নওশাদ মুসা।
মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আতিথেয়তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও খাবারের বিষয়ে অসন্তোষ জানান এই কোচ।
নওশাদ মুসা বলেন, ‘আতিথেয়তার দিক থেকে সবকিছুই ঠিক আছে। তবে আমরা যে সমস্যাটির মুখোমুখি হচ্ছি, তা হলো খাবার নিয়ে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না—আপনাকে এই খাবারই খেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের একটি নির্দিষ্ট মেনু দেওয়া হয়েছে, যা পরিবর্তন করা হচ্ছে না। অনেক সময় খেলার পর আমাদের ভালো খাবারের প্রয়োজন হয়। বিশেষ করে ম্যাচের দিনগুলোতে খেলোয়াড়রা হয়তো খুব বেশি খায় না, তাই ম্যাচের পর তারা ভালো ডায়েট চায়। কিন্তু দেখা যায়, প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে, যা বারবার ঘুরেফিরে আসছে।’
ঢাকায় হোটেলবন্দি ভারতীয় দল, খাবার নিয়ে ক্ষুব্ধ কোচ

বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের না আসার প্রসঙ্গেও কথা বলেন মুসা। তিনি বলেন, ‘দেখুন, এটা বিসিসিআই এবং ক্রিকেটের বিষয়। বুঝতেই পারছেন, এটা কত বড় ব্যাপার। আর যখন আমরা ফুটবলের কথা বলি, আপাতত আমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, যাতে আমরা বাইরের পরিস্থিতি বুঝতে পারি। এমনকি খেলার দিন ছাড়া অন্যদিনগুলোতেও আমাদের সঙ্গে সর্বদা নিরাপত্তা বাহিনী ও একটি কনভয় থাকে।’
নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি জানিয়ে ভারতের এই কোচ বলেন, ‘নিরাপত্তার দিক থেকে আমাদের কোনো সমস্যা হয়নি। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। আর আমরা তো বাইরে যাচ্ছি না, তাই হোটেলের ভেতরেই থাকতে হচ্ছে। ঢাকা শহর উপভোগ করতে হলে তো বাইরে যেতে হবে, তাই না? কিন্তু আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। আমরা পুরো দিন হোটেলেই কাটাচ্ছি।’
Source - www.bd24live.com ↗