প্রায় আট বছর পর বড় হলিউড প্রযোজনার সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। প্রত্যাবর্তনের সিনেমা ‘এবেনেজার’-এ অভিনয়ের জন্য আগের তুলনায় অনেক কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ৫০ লাখ ডলার। তবে বক্স অফিসে সিনেমাটির আয় ও সাফল্যের ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগও রয়েছে তাঁর।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কৃপণ ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। সিনেমাটি পরিচালনা করেছেন টি ওয়েস্ট।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। এর বিপরীতে জনি ডেপ পেয়েছেন ৫০ লাখ ডলার। তবে সিনেমার ব্যবসায়িক সাফল্যের সঙ্গে যুক্ত বোনাস পাওয়ার শর্তও রয়েছে তাঁর চুক্তিতে। বিপণন খাতে সিনেমাটির জন্য আরও প্রায় ৫ কোটি ডলার ব্যয় করা হয়েছে বলে জানিয়েছে ভ্যারাইটি।
আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ মুক্তির পর এটিই বড় হলিউড স্টুডিওর প্রযোজনায় জনি ডেপের প্রথম সিনেমা। এর মধ্যে অবশ্য স্বাধীন ও আন্তর্জাতিক প্রযোজনার কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সূত্র: ভ্যারাইটি
Source - www.bd24live.com ↗