Bangladesh · 2026-11-12 13:44:14

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী
প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘চাল-গমের মজুত বেশি, তবে বিতরণ কমেছে’। বিষয়টি উদ্বেগজনক বললে ভুল হবে না। কেননা, আমাদের মতো স্বল্পোন্নত দেশে সরকারের খাদ্য মজুতের ব্যবস্থা জোরদার করতে হয় প্রধানত দুটি কারণে। একদিকে ভর্তুকি মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হয়। অন্যদিকে কৃষকের উৎপাদিত ফসলের মৌসুমে দাম পড়ে যাওয়া ঠেকাতে সরকারকে প্রণোদনা মূল্যে তা কিনে মজুত করতে হয়।
সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, টিসিবির ট্রাক সেল বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় প্রধানত খাদ্য বিতরণ কমেছে। ফলে মজুত বেড়েছে। সরকারি গুদামে মজুতের ধারণক্ষমতা যেহেতু সীমিত এবং রাতারাতি তা বাড়ানো সম্ভব নয়, তাই এবারের আমন মৌসুমে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় বেশ কম হবে। বলার অপেক্ষা রাখে না, সংগ্রহের পাশাপাশি বিতরণব্যবস্থা সচল না থাকলে মজুত পরিস্থিতির ওপর চাপ পড়ে।
খাদ্যশস্য মজুতের জন্য সাইলো, সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ গুদাম) নির্মাণে প্রয়োজন হয় নৌপথ, সড়ক ও মহাসড়ক এবং রেলপথের সঙ্গে সংযোগের সুবিধাযুক্ত জমি। বাংলাদেশে জমির দাম ক্রমাগত বাড়ার পাশাপাশি এ ধরনের উপযুক্ত জমি পাওয়ার সংকটও রয়েছে।
সারশিল্পকে না বাঁচালে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নাবিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া কয়েকটি সাইলো নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল। এসব প্রকল্পের ক্ষেত্রে কিছু জায়গায় স্থান নির্বাচন যথাযথ হয়নি। যেমন মধুপুরে একটি স্টিল সাইলো নির্মাণ করা হয়েছে, যেখানে নৌপথ বা রেলপথে যোগাযোগের ব্যবস্থা নেই। তৎকালীন সরকারের সময়ে প্রায় সমাপ্ত হওয়া প্রকল্পটি অন্তর্বর্তী সরকারকে বুঝে নিতে হয়। তবে যাঁরা এ ধরনের স্থাপনার স্থান নির্ধারণ করেছেন, তাঁদের আত্মতৃপ্তি এবং ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মুনাফা বাড়লেও এগুলো চালু রাখতে প্রচুর বিদ্যুৎ ব্যয় করতে হয়। পণ্য পরিবহন ও গুদামজাতকরণের জন্যও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।
অন্তর্বর্তী সরকারের সময়ে আগের সরকারের নেওয়া নওগাঁর এ ধরনের প্রকল্প বর্তমান সরকার বাতিল করে সেখানে সিএসডি নির্মাণের সিদ্ধান্ত নেয়। দেশের অন্যান্য স্থানেও এসব স্থাপনা নির্মাণ, বর্তমান স্থাপনাগুলোর মেরামত ও ক্ষেত্রবিশেষে পুনর্নির্মাণ প্রয়োজন।
বর্তমানে চাপাচাপি করে আমাদের খাদ্য মজুতের সক্ষমতা ২৪ লাখ টনের কাছাকাছি। এই সক্ষমতা দ্রুত বাড়ানো যাবে না। তবে চলমান কয়েকটি প্রকল্প শেষ হলে কিছুটা বাড়বে। এ সীমাবদ্ধতা মেনে নিয়েই আমাদের সংগ্রহ ও বিতরণব্যবস্থা বিবেচনায় রাখতে হবে।
বর্তমান পরিস্থিতি হতদরিদ্র ও দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে স্থানীয় সংগ্রহ অভিযানে ভাটা পড়লে ক্ষতিগ্রস্ত হবেন উৎপাদকেরা। প্রত্যাশা থাকবে, এই সংকটের চাপ সামলে সরকার দ্রুতই সফল হবে।এখন দেখা যেতে পারে, কোন কোন খাতে খাদ্য বিতরণ করা হয়। প্রধানত পুলিশ, সামরিক বাহিনীসহ বেশ কিছু প্রতিষ্ঠান নিয়মিত রেশনিং–ব্যবস্থার আওতায় রয়েছে। বেসামরিক প্রশাসনের নিম্ন পর্যায়ের কর্মচারীদেরও এ ব্যবস্থার অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি রয়েছে। তবে অতি সম্প্রতি সব শ্রেণির কর্মচারীর বেতন বৃদ্ধির ফলে সরকারের বিপুল ব্যয় বাড়ছে। ঠিক এই সময়ে এ খাত সম্প্রসারণ করা যৌক্তিক হবে না; বরং ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি, ভিজিএফ এবং নারীদের আত্মকর্মসংস্থান কার্যক্রমের মতো খাতগুলোয় উল্লেখযোগ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।
ওএমএস কর্মসূচি খাদ্য অধিদপ্তর ও টিসিবি—এ দুটি প্রতিষ্ঠান পরিচালনা করে। টিসিবির কার্যক্রম কয়েক মাস বন্ধ থাকার খবরটি পীড়াদায়ক। এটি দ্রুত চালু করা এবং খাদ্য অধিদপ্তরের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা যায়। এসব কর্মসূচির আওতায় ভোক্তারা ৩০ টাকা কেজি দরে চাল এবং ২২ টাকা কেজি দরে আটা পেয়ে থাকেন। একইভাবে সম্প্রসারণ করা যায় কাবিখা ও ভিজিএফ কর্মসূচিও। এগুলো পরিচালনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সরকারকে খাদ্যসহায়তা বাড়াতে হবেউল্লেখ্য, যে মন্ত্রণালয় বা সংস্থারই খাদ্যসংক্রান্ত কর্মসূচি থাকুক না কেন, তা তাদের বাজেটে অন্তর্ভুক্ত থাকলে খাদ্য সরবরাহের দায়িত্ব খাদ্য অধিদপ্তরেরই। দুই ঈদ ও দুর্গাপূজার সময় ভিজিএফ খাতে কিছু সহায়তা দেওয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য এ কর্মসূচির সম্প্রসারণ প্রয়োজন।
সরকারি খাদ্য বিতরণব্যবস্থা (পিএফডিএস) বা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি প্রধান কার্যক্রম হলো খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবার প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে থাকে।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়েও খাদ্যবান্ধব কর্মসূচির পরিসর কিছুটা বাড়ানো হয়েছে। আগে ৫০ লাখ পরিবারকে পাঁচ মাস এ সহায়তা দেওয়া হতো। ২০২৫ সালে ৫৫ লাখ পরিবারকে ছয় মাস সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে উপকারভোগীর সংখ্যা ৬০ লাখে উন্নীত করার বিষয়ে সামাজিক নিরাপত্তাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি নীতিগত সিদ্ধান্ত ছিল। তবে সরকার পরিবর্তনের পর তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
আমরা সরকারের আর্থিক চাপের বিষয়টি বুঝতে পারি। সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি সামাজিক নিরাপত্তাবলয়ও গড়ে তুলতে যাচ্ছে। উদ্যোগটি ভালো। এতে বিপুল অর্থ ব্যয় হবে। তবে খাদ্যবান্ধব কর্মসূচির নাম পরিবর্তন করে হলেও এটিকে ফ্যামিলি কার্ডের সঙ্গে সংযুক্ত করা যায়।
এমনটা হলে কর্মসূচিটির সম্প্রসারণও সম্ভব হবে। বিভিন্ন কর্মসূচির আওতায় এভাবে চাল ও আটা সরবরাহ বাড়লে নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তা সহায়ক হবে। মূল্যস্ফীতির কারণে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকবেন লাখ লাখ উপকারভোগী। সরকারের বিভিন্ন বিতরণ কর্মসূচিতে চাল ও আটা সরবরাহ বাড়ালে বাজারে এসব পণ্য কেনার চাপও কমবে। ফলে মূল্য থাকবে স্থিতিশীল। বেসরকারি মিলার, আড়তদার কিংবা খুচরা ব্যবসায়ীরা আকস্মিকভাবে দাম বাড়ানোর সুযোগ কম পাবেন।
তবে সরকারের এ ধরনের খাদ্য বিতরণের পরিমাণ ধীরে ধীরে বাড়ালে ভর্তুকি ব্যয়ও বাড়বে। পৃথিবীর সব দেশের সরকারেরই আর্থিক সীমাবদ্ধতা থাকে। আমাদেরও আছে। আমরা জানি, এ ধরনের ভর্তুকির বিরুদ্ধে কোনো কোনো দাতা সংস্থার অবস্থান রয়েছে। তবে অনেক দেশেই খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। আমাদেরও তা দিতে হবে। এ জন্য দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভরতা কিছুটা কমাতে এবং কর ছাড়ের ক্ষেত্রে সরকারকে যতটা সম্ভব রক্ষণশীল হতে হবে। কেননা আমাদের কৃষি খাত ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে ভর্তুকি হ্রাস করা যাবে না। অবশ্য খাদ্যনিরাপত্তার বিষয়ে সব সরকারই গুরুত্ব দিয়ে এসেছে, এখনো তা অব্যাহত রয়েছে।
এভাবে বিতরণব্যবস্থা বাড়ালে সংগ্রহও বাড়াতে হবে। আর এর সুফল ভোগ করবেন কৃষির সঙ্গে সম্পর্কিত সবাই। ধান ও চালের দাম কিছুটা ভালো পেলে তা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রণোদনা হিসেবে কাজ করবে।
পরিশেষে বলতে হয়, পিএফডিএসের সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিতর্কের ঊর্ধ্বে। ঠিক তেমনি তা করতে হলে ধীরে ধীরে বিদ্যমান মজুতের সক্ষমতা ও পরিসর বৃদ্ধি করা অত্যাবশ্যক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বর্তমান মজুতই স্বস্তির কারণ না হয়ে বরং বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা স্থানীয় বাজার থেকে কিংবা বিদেশ থেকে আগের পরিমাণে খাদ্যশস্য সংগ্রহ করতে পারছি না। কেননা, সংগ্রহ ও বিতরণের বিষয় দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
বর্তমান পরিস্থিতি হতদরিদ্র ও দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে। অন্যদিকে স্থানীয় সংগ্রহ অভিযানে ভাটা পড়লে ক্ষতিগ্রস্ত হবেন উৎপাদকেরা। প্রত্যাশা থাকবে, এই সংকটের চাপ সামলে সরকার দ্রুতই সফল হবে।
● আলী ইমাম মজুমদার সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
majumderali1950@gmail.com
* মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗