Bangladesh · 2026-11-12 13:15:59

কূটনীতিতে আগে কার এগিয়ে আসার দায়

কূটনীতিতে আগে কার এগিয়ে আসার দায়
দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিতে কয়েকটি প্রশ্ন ঘুরেফিরে আসছে—আগে কে ছাড় দেবে? ইরান কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে? নাকি ইরানের কাছ থেকে ছাড় পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার চাপ কমাতে হবে? দুই দশকের বেশি সময় ধরে এই প্রশ্নের কোনো স্থায়ী সমাধান হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক সংকট বলছে, এখন হয়তো প্রশ্নটি অন্যভাবে দেখা দরকার।
আসল বিষয় হলো, কে আগে পদক্ষেপ নেবে, তা নয়। বরং দুই পক্ষ একই সময়ে কীভাবে এগিয়ে আসতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক বিরোধের কারণে প্রশ্নটি আবারও সামনে এসেছে। ইরান প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেবে। শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া। তেহরানের বক্তব্য, চাপ ও সংঘাতের পরিবেশে আলোচনা শুরু করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন বলছে, নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হলে শুরু থেকেই পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনায় থাকতে হবে।
ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিলে ইরানের কাছ থেকেও তার পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকতে হবে। এখানেই বর্তমান আলোচনার মূল সংকট। দুই পক্ষই আগে আস্থা তৈরির পদক্ষেপ চায়। কিন্তু ইতিহাস বলছে, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতে এই সমস্যার সমাধান সম্ভব।
২০১৩ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। এর নাম ছিল জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন। এতে দুই পক্ষই সীমিত ও প্রয়োজনে পরিবর্তনযোগ্য কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়। ইরান তার পারমাণবিক কর্মসূচির কিছু অংশে সীমাবদ্ধতা মেনে নেয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানোর বিষয়েও সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে।
এই সমঝোতার ধারাবাহিকতায় ২০১৫ সালে স্বাক্ষরিত হয় জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ। এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমিত করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ বাড়ানো হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেন বারবার ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা যেন এক মরীচিকার গল্পচুক্তিটি একবারে কার্যকর হয়নি। ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর অক্টোবরে আসে বাস্তবায়নের প্রস্তুতিপর্ব। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের প্রাথমিক প্রতিশ্রুতি পালনের বিষয়টি যাচাই করে। এই যাচাইয়ের পরই বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হলো, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়ন করলেই যে ব্যর্থতা অনিবার্য, তা নয়। বরং রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও চুক্তি টিকে থাকার নিশ্চয়তা না থাকলে এমন সমঝোতা ঝুঁকির মুখে পড়ে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যায় এবং আবার নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরানের ধারণা হয়, শুধু কারিগরি শর্ত মেনে চললে হবে না। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হলেও ভবিষ্যতে কোনো চুক্তি বহাল থাকবে, সেই নিশ্চয়তাও প্রয়োজন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগও রয়েছে। দেশটির নীতিনির্ধারকদের যুক্তি, ইরানের পারমাণবিক কর্মসূচিতে যাচাইযোগ্য সীমাবদ্ধতা আরোপের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্ত থাকতে হবে। আগে থেকেই অর্থনৈতিক সুবিধা দিলে ইরান আবার তার সক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারে। এতে আলোচনায় যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ক্ষমতাও কমে যাবে।
সমন্বিতভাবে পদক্ষেপের বিরোধিতাকারীরা মনে করেন, দুই দেশের মধ্যে এত গভীর অবিশ্বাস থাকলে একই সময়ে চুক্তি বাস্তবায়ন কঠিন। তবে এর সমাধান পারস্পরিক ছাড়ের নীতি বাদ দেওয়া নয়। বরং আরও শক্তিশালী যাচাইব্যবস্থা গড়ে তোলা।
উদাহরণ হিসেবে বলা যায়, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি কয়েকটি ধাপে যুক্ত করা যেতে পারে। প্রতিটি ধাপ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগের দায়িত্ব পালন করতে পারে। আর পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত কারিগরি বিষয়গুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে যাচাই করা যেতে পারে।
নীতিটি হবে সহজ। ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিলে ইরানের কাছ থেকেও তার পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকতে হবে।
● আলী সারি ইরানের সাবেক সংসদ সদস্য
আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

Source - www.prothomalo.com ↗