Bangladesh · 2026-11-12 13:15:14

খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কেরোসিনের বোতল উদ্ধার

খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কেরোসিনের বোতল উদ্ধার
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি কার্যালয়ের নিচতলার একটি কক্ষের সামনের অংশের কাগজপত্র পুড়ে গেছে। পাশের সমাজসেবা কার্যালয়েরও একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাতে ঘটনাস্থলে আসা কয়েকজন ব্যক্তি বলেন, দুর্বৃত্তরা প্রথমে ভূমি কার্যালয়ে আগুন দেয়। পরে সেই আগুন পাশের সমাজসেবা কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, রাত তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে আসেন। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। আগুনে তাঁর কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে।
ঘটনার পর ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যদের নিয়ে কার্যালয়ের পেছনে তল্লাশি চালানো হয়। সেখানে গিয়ে একটি কেরোসিনের বোতল ও টিন দেখা যায়। এ ঘটনায় সদর থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান চম্পক কান্তি চাকমা।
আগুন লাগার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গতকাল দিবাগত রাত তিনটার দিকে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভূমি কার্যালয়েখাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে।
খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে। ভূমি কার্যালয়ের পেছন থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Source - www.prothomalo.com ↗