Bangladesh · 2026-11-12 13:09:55

চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের

চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে সড়কে প্রাণ গেল শফিকুলের
চোখের চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন শফিকুল ইসলাম খান (৫৫)। আজ বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ ভোর পাঁচটার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহত শফিকুলকে সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শফিকুলের শ্যালিকা রুবিয়া খাতুন বলেন, চোখের সমস্যার কারণে চিকিৎসক দেখাতে শফিকুলসহ তাঁরা ঢাকায় আসছিলেন। তাঁদের গ্রামের আরও পাঁচজন একই গাড়িতে ছিলেন। ভোরে উত্তরার আজমপুরে গাড়ি থেকে নামার পর তাঁরা রাস্তার এক পাশে ছিলেন। শফিকুল একাই রাস্তার অন্য পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় সড়কে পড়ে যান।
রুবিয়া খাতুন আরও বলেন, পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে কিংবা কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তাঁরা দেখেননি।
শফিকুলের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর এলাকায়। তাঁর বাবার নাম নিজাম উদ্দিন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে বলেও জানিয়েছেন রুবিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শফিকুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরখান থানাকে জানানো হয়েছে।

Source - www.prothomalo.com ↗