দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল। হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে।
কিন্তু হাসপাতালটিতে চিকিৎসা পাওয়ার জন্য ভোগান্তির শেষ নেই। রোগীর স্বজনেরা রোগ পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইন দেন। গত এক যুগে হাসপাতালটির শয্যা বেড়েছে, জনবল বাড়েনি। চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল।