Bangladesh · 2026-11-12 14:30:00

‘আমার বিয়ে বৈধ ছিল না’, মজার ঘটনা জানালেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত

‘আমার বিয়ে বৈধ ছিল না’, মজার ঘটনা জানালেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত
ছোট পর্দার আলোচিত তারকা জুটি আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম। তাঁরা ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হন। সেখানেই নিজেদের বিয়ে নিয়ে মজার স্মৃতিচারণা করেন দুজন।
জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ এ সময় মঞ্চে জিনাতের পাশে বসা আজিজুল হাকিম হেসে ওঠেন। জিনাত তখন বলেন, ‘আজিজুল হাকিম তখন নব্বই দশকের জনপ্রিয় তারকা। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তাঁরা যখন বরযাত্রায় এসেছিলেন কাবিনের দিন তখন তাঁর (আজিজুল হাকিম) পিছে পিছে একদল সাংবাদিক এসেছিলেন কাউকে কিছু না বলে। আজিজুল হাকিমও জানতেন না, তিনি ভেবেছিলেন তাঁরা (সাংবদিকেরা) আমার গেস্ট, আমি ভেবেছিলাম, তাঁরা উনার গেস্ট। কাজী সাহেব যখন আমি কবুল বলার পর খাতা বাড়িয়ে সাইন করতে বললেন, তখন একজন ফটোগ্রাফার বললেন, “একটু থামুন। আমি ক্লিক করব। তখন আমি তো নার্ভাস। কলম থামিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলাম, সিগনেচারটার আর বোধ হয় করাই হয়নি।’
অভিনেতা আজিজুল হাকিম ও তাঁর স্ত্রী জিনাত হাকিমএরপর সেই ঘটনার বাকি অংশ বলেন আজিজুল হাকিম। ‘যেহেতু স্বাক্ষর নেই, ওই অবস্থায় আমাদের চলতে হয়েছে। পরে অবশ্য আমরা এফিডেভিড করে নিয়েছি। কিন্তু আমার মেয়ে (নাযাহ হাকিম) এবং মেয়ের জামাই শুভ (নাফিস ফুয়াদ) এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করে। কয়েক দিন আগে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বিয়ের রেজিস্ট্রেশনে আবার সাইনের আয়োজন করেছিল,’ বলেন তিনি। এ সময় হাকিম, জিনাতসহ মঞ্চের সবাই হেসে ওঠেন।
এই সময়ের ছেলেমেয়েদের স্ট্রাগলটা আরও অনেক বেশি: আজিজুল হাকিমচার দশকের বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। এর আগে তিনি আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। আজিজুল হাকিম ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। এরপর বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ অভিনয় করেন অলি চরিত্রে। তাঁর বিপরীতে ছিলেন শমী কায়সার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘“কোন কাননের ফুল” আমার অভিনয়জীবন বদলে দেয়। নাটকটি আমার জীবনে সুখের স্মৃতি হয়ে আছে।’
মঞ্চে আজিজুল হাকিম ‘ওরা কদম আলী’, ‘ইবলিস’, ‘গিনিপিগ’, ‘আগুনমুখা’, ‘খেলা খেলা’, ‘মানুষ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন বছরের পর বছর। ‘পদ্মা নদীর মাঝি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

Source - www.prothomalo.com ↗