কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধীসহ নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ১১ দিনে ২৭৬৫ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়- ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত প্রতিদিন কুমিল্লা জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লায় ১১ দিনে আটক ২৭৬৫ জন

এই অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে ২৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ১১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, এছাড়াও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়।
Source - www.bd24live.com ↗