Bangladesh · 2026-11-12 15:00:27

ইরানে হামলা চালাতে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন আইজেনকোট

ইরানে হামলা চালাতে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন আইজেনকোট
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা বিবেচনায় সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট।

বুধবার (১১ নভেম্বর) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দেশটির সামরিক বাহিনীকে এ নির্দেশ দেয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগে, গত ৫ অক্টোবর নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল। রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যেই নতুন করে সামরিক পদক্ষেপের প্রস্তুতির বিষয়টি সামনে এলো।

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে বলেছেন, তাৎক্ষণিক হুমকি না থাকলে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান শুরু করা উচিত নয়।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আইজেনকোটের দাবি, নেতানিয়াহু এমন একটি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যার ওপর দেশটির পার্লামেন্ট নেসেটের আস্থা আর নেই। মাত্র ৪৬ জন আইনপ্রণেতা নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অব্যাহত রাখার পক্ষে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, রাজনৈতিক পালাবদলের এই সময়ে নিরাপত্তা ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতানিয়াহুর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

তিনি আরও সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনী মোতায়েনের মতো পদক্ষেপ ইসরায়েলের গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

নতুন সরকার নেসেটের সমর্থন নিয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। পার্লামেন্টের ৬৭ সদস্যের প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল তাঁর প্রতি সমর্থন জানায়। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ আইনপ্রণেতা। সাতজন কোনো পক্ষকেই সমর্থন জানাননি।

সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনাদোলু এজেন্সি

Source - www.bd24live.com ↗