আর মাত্র এক সপ্তাহ পরই শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এরই মধ্যে নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে কাতারে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাতিল করা হয়েছে দলটির বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি শিবিরও।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৩ অক্টোবর কাতার ভ্রমণে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওই সতর্কবার্তায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
বুধবার খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে বিশ্বকাপের প্রস্তুতি শিবির ও টুর্নামেন্টে অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশন। চিঠিতে বলা হয়, ‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। তবে কাতার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা নির্দেশনাসহ বর্তমান পরিস্থিতির কারণে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
নিরাপত্তাঝুঁকিতে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

৪৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ নভেম্বর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। গত বছরও কাতারে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার শেষ ৩২-এর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহেই প্রতিযোগিতার জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের কোচ অ্যালেক্স আলদাজ। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল তাদের। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
২০২৪ সালে ফিফা ঘোষণা দিয়েছিল, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে কাতার। সে অনুযায়ী, টানা পাঁচ বছর এই প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে থাকছে মধ্যপ্রাচ্যের দেশটি।
সূত্র: রয়টার্স
Source - www.bd24live.com ↗