Bangladesh · 2026-11-12 16:21:47

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১০
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। আওয়ামী লীগের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা।স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা।
অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলেও দুটি পক্ষ নেতৃত্ব দিত। তখন বিএনপির সমর্থকেরা দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা। এর পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনের হামলায় নোয়াদ্দা এলাকার চারজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেন রহিম মোল্লার পক্ষের লোকজন। এর জেরে আজ বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে এসে আওলাদের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ। পরে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর ও মোল্লাকান্দি গ্রামে হামলা, পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ করা হয়। রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষে আট থেকে ১০ জন আহত হন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চারজন এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একজনসহ মোট পাঁচজন চোখে ও শরীরের বিভিন্ন অংশে পিলেটবিদ্ধ (ছোট আকৃতির গুলি) অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেরহিম মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, বুধবার রাতে তাঁদের পক্ষের বোরহান শিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে যান। সেখানে দাঁড়িয়ে বোরহানসহ পাঁচ থেকে ছয়জন কথা বলছিলেন। তখন পেছন থেকে আওলাদের সমর্থক রিফাত হালদার গুলি করলে চারজন গুলিবিদ্ধ হন। পরে ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবার গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রতিরোধ গড়ে তুলে পাল্টা হামলা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়নছাড়া ছিলেন। ২১ দিন আগে তাঁরা গ্রামে ফিরেছেন। এর পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করে আসছিলেন। গতকাল রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। আজ সকালে তাঁদের ওপর হামলা করা হয়। পরে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗