Bangladesh · 2026-11-12 16:02:52

শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ

শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, মাটি খুঁড়তেই যুবকের মরদেহ
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শানুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. রাসেল (২৭)। তিনি উপজেলার একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশের ধারণা, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যেই পরিত্যক্ত ঘরে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাসেল তাঁর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে নিজের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরদিন গত শনিবার রাতে তাঁর বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
সিরাজুল ইসলামের এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে পুলিশ জানতে পারে, রাসেলের স্ত্রী–সন্তানসহ শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক। এতে পুলিশের সন্দেহ হয়। পরে গতকাল দিবাগত রাত একটার দিকে রাসেলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে শ্বশুরবাড়ির মূল ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। ঘরটিতে ভাঙাচোরা আসবাব ও পুরোনো কাঁথা পড়ে ছিল। পুলিশ সদস্যরা পুরোনো কাঁথা সরালে নিচে আলাদা মাটি দেখতে পান। পরে সেখানে খুঁড়তেই মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুনাফ বলেন, মরদেহটি বর্তমানে ঘটনাস্থলেই পুলিশের পাহারায় আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের পর মরদেহটি উদ্ধার করে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Source - www.prothomalo.com ↗