Bangladesh · 2026-11-12 15:45:57

বনের পাখি, মনের পাখি

বনের পাখি, মনের পাখি
‘আদ্যোপান্ত’র আয়োজনে ‘মনপাখি’ শিরোনামে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ৬ নভেম্বর। আজ প্রদর্শনীটির শেষ দিন।
পাখির সঙ্গে মানুষের মনের এক অদ্ভুত আত্মীয়তা রয়েছে। মানুষ শরীর নিয়ে চাইলেই আকাশে উড়তে পারে না, অথচ পাখি অনায়াসে ডানা মেলে পাড়ি দেয় দিগন্ত থেকে দিগন্তে। হয়তো এই অসম্ভবের আকাঙ্ক্ষা থেকেই পাখি মানুষের কল্পনায় বারবার স্বপ্ন, মুক্তি ও স্বাধীনতার রূপক হয়ে উঠেছে। পাখির উড়ে চলার মধ্যে মানুষ খুঁজে পেয়েছে তার অদম্য আকাঙ্ক্ষা, সীমা অতিক্রমের সাহস এবং মুক্ত জীবনের প্রতিচ্ছবি। শুধু তা-ই নয়, প্রাচীনকাল থেকে পত্রবাহক, লোককথার দূত, প্রেমের বার্তাবাহক কিংবা বিরহের প্রতীক—নানা পরিচয়ে পাখি মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে।
‘অপরূপা’, অ্যাক্রিলিক, রবিউল ইসলামসাহিত্যে, সংগীতে, চিত্রকলায় এবং লোকজ আখ্যানের পরতে পরতে পাখির এই বহুমাত্রিক উপস্থিতি তাই মোটেও আকস্মিক নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পাখির স্বাভাবিক সৌন্দর্য, বর্ণিল পালক, বিচিত্র অবয়ব, মধুর কণ্ঠস্বর এবং উড়ে চলার অনন্য ছন্দ। বাংলার প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য পাখির ডাক ও বাহারি রং আমাদের চোখ ও মনকে প্রতিনিয়ত মুগ্ধ করে। পাখি তাই কেবল প্রকৃতির একটি জীব নয়; মানুষের অনুভব, কল্পনা, স্মৃতি ও মননেরও এক অনিবার্য অনুষঙ্গ।
‘মা ও শিশু’, অ্যাক্রিলিক, নারগিস আক্তার পুনম পাখির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে গাছপালা, জলাভূমি, বনভূমি, ঋতুচক্র এবং সামগ্রিক বাস্তুসংস্থানের ভারসাম্য। অর্থাৎ পাখির বিপন্নতা শুধু একটি প্রাণীর বিলুপ্তির আশঙ্কা নয়, আমাদের নিজেদের অস্তিত্বের সংকটেরও পূর্বাভাস। এই জায়গা থেকেই লালমাটিয়ার ভূমি গ্যালারিতে ‘আদ্যোপান্ত’-এর আয়োজনে অনুষ্ঠিত যৌথ চিত্রপ্রদর্শনী ‘মনপাখি’কে দেখার আগ্রহ তৈরি হয়। ইসরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসাইন, রবিউল ইসলাম, মঞ্জুর রশিদ, নারগিস আক্তার পুনম, সঞ্জীব দাস অপু, শাহীন সোবহানা সুরভি, শক্তি নোমান, তানিয়া তোফায়েল হক, উপমা দাস তৃণা ও জেমরিনা হক এই ১২ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে নির্মিত তাঁদের শিল্পকর্মে পাখি এসেছে কখনো প্রকৃতির অনুষঙ্গ হয়ে, কখনো ব্যক্তিগত অনুভূতির প্রতীক হয়ে, আবার কখনো মানুষের সঙ্গে প্রকৃতির জটিল ও সংকটাপন্ন সম্পর্কের রূপক হয়ে।
‘উপনগরে কুটুম পাখি’, অ্যাক্রিলিক ও চারকোল, সঞ্জীব দাস অপু ‘মনপাখি’ নামটির মধ্যেও যেন একটি দ্বৈত অর্থের ইঙ্গিত রয়েছে। পাখি যেমন প্রকৃতির, তেমনি মানুষের মনেরও। তার ডানায় যেমন উড়ে যাওয়ার স্বপ্ন থাকে, তেমনি থাকে ফিরে আসার আকুলতা। কিন্তু সেই আকাশ যদি ক্রমেই ছোট হয়ে আসে, তাহলে মনপাখির উড়ান কোথায় গিয়ে থামবে?
‘রূপের সীমানা পেরিয়ে’, মিশ্র মাধ্যম, শক্তি নোমান স্ক্রিনপ্রিন্ট ও সুতার সেলাইয়ের সমন্বিত মাধ্যমে ইসরাত জাহান পাখিকে কেবল প্রকৃতির অনুষঙ্গ হিসেবেই উপস্থাপন করেননি; বরং তার সঙ্গে বুনে দিয়েছেন লোকজ স্মৃতি, নগরজীবন ও সময়ের নানা সংকেত। তাঁর কাজে বনের টিয়া ও হীরামন যেমন গ্রামীণ লোকগাথা, প্রকৃতি ও চিরচেনা সৌন্দর্যের রূপক হয়ে ওঠে, তেমনি শহরের কাক ও রাতের প্যাঁচা বয়ে আনে আধুনিক জীবনবাস্তবতার ভিন্নতর ইঙ্গিত। পাখির এই পৃথক আবাস ও পরিচয়ের মধ্য দিয়ে শিল্পী যেন গ্রামীণ ঐতিহ্য থেকে নগরের কঠোর বাস্তবতা পর্যন্ত বিস্তৃত এক অনুভূতির পরিসর তৈরি করেছেন। অন্যদিকে কনক আদিত্যের চিত্রপটে হীরামন পাখি যেন রঙেরই এক বিশুদ্ধ নির্যাস। তাঁর দোতারার আকুল সুরের টানের মতোই ক্যানভাসে ডানা মেলেছে শঙ্খচিল, ভাতশালিক ও কাঠঠোকরা—রঙের কোমল ছোঁয়ায় একে গেছে সুরের রেখা। আর মামুন হোসাইনের ‘মনপাখি’ সিরিজে পাখির অবয়ব ধারণ করেছে মনের অলংকার। প্রকৃতির পাখিকে তিনি কল্পনা, অনুভূতি ও নান্দনিকতার অনন্য মিশেলে রূপ দিয়েছেন অন্তরের এক বর্ণিল প্রতিচ্ছবিতে।
‘বোনের টিয়া চন্দনা’ স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিক ও সূচিকর্ম; ইসরাত জাহান রবিউল ইসলামের ক্যানভাসে যেমন নানা প্রজাতির পাখির বিচিত্র রূপ ফুটে উঠেছে, তেমনি ‘অপরূপা’ শিরোনামের চিত্রে ময়ূরের অলৌকিক সৌন্দর্যকে তিনি পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। অন্যদিকে নার্গিস আক্তার পুনমের প্রতিটি কাজে ধরা দেয় দৃষ্টিনন্দন কম্পোজিশনের মেলবন্ধন; তাঁর ‘মা ও শিশু’ চিত্রে পাখির নীড় এবং মাতৃস্নেহের চিরন্তন বাৎসল্য যেন এক মধুর দৃশ্যকাব্যে রূপ নিয়েছে। তবে শক্তি নোমানের ভাবনায় পাখি এসেছে একেবারে ভিন্ন মাত্রায়—মিশ্রমাধ্যমে পাখির রূপক অবয়ব নিয়ে নিরীক্ষা করে এবং ক্যানভাসে ধাতব পাখির কোলাজ বসিয়ে তিনি উন্মোচন করেছেন এক আধুনিক নান্দনিকতা। আর মনজুর রশীদের তুলিতে ক্যানভাসজুড়ে যে রঙের খেলা, তা যেন ইট-কাঠের যান্ত্রিক শহরে খাঁচাবন্দী মানুষেরই আকুল আত্মার এক তীব্র প্রতিধ্বনি।
‘মনপাখি’, অ্যাক্রিলিক, মামুন হোসাইন ‘আদ্যোপান্ত’র আয়োজনে ‘মনপাখি’ শিরোনামের এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনীটি রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ৬ নভেম্বর দর্শকদের জন্য খোলা থাকবে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

Source - www.prothomalo.com ↗