Bangladesh · 2026-11-12 16:22:27

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
কয়েক দিন ধরে অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও হুমকি অব্যাহত ছিল বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ানে তাঁর পৈতৃক বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন নুসরাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ানে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আগের রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে যান নুসরাত। সংবাদ সম্মেলনে তাঁর বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি হুমকির কল পান তিনি। অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে আসা হুমকির বিষয়টি উল্লেখ করে ওই রাতেই ঢাকার কলাবাগান থানায় জিডি করেন। তবে জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া বন্ধ হয়নি।

হামলার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে, এটি পেট্রলবোমা হামলা।’

এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত নন দাবি করে নুসরাত বলেন, ‘আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ। হামলার পর তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসও করছে।’

তিনি আরও বলেন, এ ধরনের হামলা চালিয়ে তাঁকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। তারই পরিণতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য অভিযোগ করেন, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য ঢাকা থেকে ফরেনসিক দল আসছে।

সংবাদ সম্মেলন শেষে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করবেন বলে জানান নুসরাত তাবাসসুম। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Source - www.bd24live.com ↗