Bangladesh · 2026-11-12 17:00:22

বিচারকের ছেলে হত্যাকাণ্ডে এক বছরের মাথায় রায়, একজনের মৃত্যুদণ্ড

বিচারকের ছেলে হত্যাকাণ্ডে এক বছরের মাথায় রায়, একজনের মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা মামলায় এক বছরের মাথায় রায় ঘোষণা হলো। রায়ে আসামি লিমন মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২–এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার (৩৫) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। তিনি উপজেলার গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহত তাওসিফ রহমান ওরফে সুমন (১৬) রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণিতে পড়ত। গত বছরের ১৩ নভেম্বর ভাড়া বাসায় সে খুন হয়। ওই সময় তার মা তাসমিন নাহার (৪৪) গুরুতর আহত হন। তাওসিফ তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে। ঘটনার সময় তাঁরা রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া বাসায় প্রবেশ করেন। বাসায় তখন শুধু তাওসিফ ও তার মা তাসমিন নাহার ছিলেন। তিনি মা-ছেলেকে ছুরিকাঘাত করেন। এরপর তাওসিফের রক্ত মেখে আহত হওয়ার ভান করে লিমন পড়ে ছিলেন। পুলিশ তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করা হয়েছিল। পরদিন এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহতমামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে আরও জানা যায়, তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরে। একই জেলার বাসিন্দা হওয়ায় তাসমিন নাহার ও লিমনের মধ্যে পরিচয় ছিল। লিমন প্রায়ই আর্থিক সাহায্য নিতেন। তাসমিন নাহার সহযোগিতা বন্ধ করায় তিনি একাধিকবার হুমকি দেন। ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। হুমকি পেয়ে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। পুলিশ তখন লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিন পেয়ে রাজশাহী এসে লিমন খুনের ঘটনা ঘটান।
গণমাধ্যমে আসামির বক্তব্য ছড়িয়ে পড়ার ব্যাখ্যা দিলেন পুলিশ কমিশনাররায় ঘোষণার সময় আসামি লিমন মিয়াকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’

Source - www.prothomalo.com ↗