পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে জানানো হয়, ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার স্থান হিসেবে শ্রম অধিদপ্তর নির্ধারণ করা হয়েছে।

সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি এ খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার সুপারিশের বিষয়ে আলোচনা হবে।