Bangladesh · 2026-11-12 17:29:32

চট্টগ্রাম শীর্ষ মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ; নারীসহ গ্রেফতার ২

চট্টগ্রাম শীর্ষ মাদক কারবারিকে কুপিয়ে হত্যা ; নারীসহ গ্রেফতার ২
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদক ব্যবসার আধিপত্যা বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে শীর্ষ মাদক কারবারি আব্দুর সোবহান (৩৫) নিহত হয়েছে৷ তাকে কুপিয়ে হত্যার ঘটনায় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের অভিযোগ সোবহানের বাড়ির সামনের গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনেরা তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্রাঞ্চের (এসআরবি) যৌথ অভিযানে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর সোবহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্রসংক্রান্ত ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

Source - www.bd24live.com ↗