Bangladesh · 2026-11-12 19:41:08

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে তিনি প্রশ্নের উত্তর দেন।
প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। বর্তমানে প্রতিদিন তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও সচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
টেলিভিশন চ্যানেল ও বিটিভি
বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চারটি। বেসরকারি ৫৬টি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৯টি। এ ছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।
বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত বিশেষ ও ধারাবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিং করা কার্টুন এবং তুর্কি ও ইরানি সিরিয়াল সংগ্রহ বা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচার করা হলে বিটিভির দর্শকপ্রিয়তা ও রাজস্ব আয়—দুটিই বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নিরাপত্তা ও নিবন্ধনের প্রস্তাব
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।
সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতা জেসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে।
মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
ভুয়া সাংবাদিক ঠেকাতে তালিকা তৈরির পরিকল্পনা
সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলায় ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তাঁরা ভুয়া আইডি খুলে বিভিন্নভাবে সরকারেরও ক্ষতি করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এ সমস্যায় শুধু সংসদ সদস্যরা নন, সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, এসব সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলো প্রস্তাব দিলে তা ভালো হবে বলে সরকার মনে করে। কারণ, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

Source - www.prothomalo.com ↗