১১ দলীয় ঐক্যের মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা যাবে না?
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে। ঘটনার পর থেকে তাঁরা বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
‘এমপির বাড়িতে আগুনের পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না’

নাহিদ বলেন, তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। কিন্তু দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কীভাবে বোমা হামলার আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করলেন, তা তাঁর বোধগম্য নয়।
বিরোধী দলের চিফ হুইপ আরও বলেন, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?
তিনি বলেন, বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকার তাঁদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, তাঁদের মানবাধিকার নিশ্চিত করা না হলে এবং সরকারের কাছে তাঁদের নিরাপত্তার চেয়ে প্রতিপক্ষের মানবাধিকার বেশি গুরুত্ব পেলে নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে।
ফ্যাসিবাদী শক্তির হামলায় তাঁদের পরিবারের সদস্যরা আক্রান্ত হলে অন্যদের পরিবারও একই ধরনের হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেন তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। বিষয়টি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় যথাযথ প্রতিকার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে স্পিকার নাহিদ ইসলামের বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করে সংসদের দিনের নির্ধারিত কার্যসূচিতে ফিরে যাওয়ার ঘোষণা দেন।
Source - www.bd24live.com ↗