Bangladesh · 2026-11-12 21:15:00

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি

পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি
হলিউডে তারকা অনেকেই হন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন কজন? অ্যান হ্যাথওয়ে তাঁদেরই একজন। কখনো রাজকন্যা, কখনো ফ্যাশন–জগতের শিক্ষানবিশ, কখনো ব্যাটম্যানের বিপরীতে ক্যাটওম্যান, আবার কখনো সংগীতজগতের এক জটিল চরিত্র—প্রতিটি ভূমিকাতেই নিজের অভিনয়ের আলাদা ছাপ রেখেছেন তিনি।
আজ ১২ নভেম্বর অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রীর জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যান হ্যাথওয়ের বয়স এখন ৪৪ বছর।
এ বছর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত পাঁচটি সিনেমা। এক বছরে পাঁচটি ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, হলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তাঁর অবস্থান এখনো বেশ শক্ত। রোমান্টিক কমেডি থেকে শুরু করে সংগীতনির্ভর নাটক, সায়েন্স ফিকশন, থ্রিলার—বিভিন্ন ঘরানায় নিজেকে মেলে ধরেছেন অ্যান।
২০২৬ সালে তাঁর অভিনীত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য অডিসি, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’।
‘মাদার মেরি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে। আইএমডিবি পাঁচ ছবির বক্স অফিস: কোথায় কত আয়
এক বছরে পাঁচটি সিনেমা। পাঁচ ছবির গল্প পাঁচ রকম। কোথাও পপ তারকা, কোথাও ফ্যাশন–দুনিয়ার পরিচিত মুখ, কোথাও গ্রিক মহাকাব্যের রানি, আবার কোথাও রহস্যময় লেখক। আর বক্স অফিসে সব মিলিয়ে আয় প্রায় ২৭৯ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪ হাজার ৮৮৭ কোটি টাকা। অর্থ অ্যানের ব্যক্তিগত পারিশ্রমিক নয়, ছবিগুলোর বিশ্বব্যাপী টিকিট বিক্রির আয়।
এর মধ্যে ‘দ্য অডিসি’র আয় সর্বোচ্চ। ক্রিস্টোফার নোলানের সিনেমাটি ১৮০ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।
গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিতে অ্যান অভিনয় করেছেন পেনেলোপের চরিত্রে। ওডিসিউসের স্ত্রী পেনেলোপের ভূমিকায় তাঁর উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণ। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমাটির আয় ৬৯ কোটি ৩৫ লাখ ডলার। দুই দশক পর অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন অ্যান। মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির প্রত্যাবর্তনও দর্শকের আগ্রহ বাড়িয়েছে। আয়ের দিক থেকে তিনে আছে ‘ভেরিটি’। এটি বক্স অফিসে আয় করেছে ১৭ কোটি ৭৬ লাখ ডলার। কলিন হুভারের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার। অ্যান অভিনয় করেছেন রহস্যময় লেখক ভেরিটি ক্রফোর্ডের চরিত্রে।
অ্যান হ্যাথওয়ে।এএফপি
অ্যান অভিনীত আরেকটি সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আয় করেছে ১২ কোটি ১৬ লাখ ডলার। সায়েন্স ফিকশন ও সারভাইভাল ঘরানার ছবিতে অ্যানের সঙ্গে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর। রহস্যময় এক মহাজাগতিক ঘটনার পর একটি আবাসিক এলাকা অচেনা জগতে চলে যায়। সেখানে বেঁচে থাকার লড়াই নিয়েই ছবির গল্প।
‘মাদার মেরি’ আয় করেছে ৩০ লাখ ৩১ হাজার ডলার। ডেভিড লোরির পরিচালনায় সংগীতনির্ভর মনস্তাত্ত্বিক ড্রামা। অ্যান অভিনয় করেছেন জনপ্রিয় পপ তারকা মাদার মেরির চরিত্রে। তাঁর সাবেক পোশাক পরিকল্পনাকারী বন্ধুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির গল্প। অভিনয়ের প্রশংসা পেলেও বক্স অফিসে অন্য চার ছবির তুলনায় এটি পিছিয়ে।
হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রীনতুন উচ্চতায়
অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ারের বড় বৈশিষ্ট্য হলো, তিনি একটি নির্দিষ্ট ধরনের চরিত্রে আটকে থাকেননি। কমেডি, রোমান্টিক নাটক, থ্রিলার, সায়েন্স ফিকশন কিংবা মিউজিক্যাল—সব জায়গায় নিজেকে পরীক্ষা করেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের পরিণতিও স্পষ্ট হয়েছে।
‘দ্য অডিসি’ সিনেমায় অ্যান হ্যাথওয়ে। আইএমডিবি তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়েও আলোচনা কম নয়। বিভিন্ন বিনোদনভিত্তিক সম্পদ অনুমানকারী ওয়েবসাইটের হিসাবে, তাঁর সম্পদের পরিমাণ প্রায় আট কোটি ডলার। ৪৪ বছর বয়সে এসে অ্যান হ্যাথওয়ের ক্যারিয়ার যেন নতুন এক উচ্চতায়। এ বছর পাঁচটি ছবি, তার মধ্যে দুটি বিশাল বক্স অফিস সাফল্য, আর একটি ছবিতে নোলানের মতো নির্মাতার সঙ্গে কাজ—সব মিলিয়ে ২০২৬ সাল তাঁর ক্যারিয়ারের স্মরণীয় বছর হয়ে থাকছে। অভিনেত্রী এখন আছেন তৃতীয় সন্তানের অপেক্ষায়।
আইএমডিবি ও ভ্যারাইটি অবলম্বনে

Source - www.prothomalo.com ↗