Bangladesh · 2026-11-12 20:45:40

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ। পুলিশ বক্সে আগুন দিয়ে, ককটেল ফাটিয়ে ও এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী এক বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন। ‎সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ বলেন, পুলিশ, র‍্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি করেও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি। মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে, মৃত্যুকে আলিঙ্গন করে বর্বর ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।
‎রিজভী আহমেদ আরও বলেন, গোপনে, অন্ধকারে, ভাড়ায় খেটে, কয়েকটা টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাঁকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
বিকেল সাড়ে চারটার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে দলটির দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পরে বাংলামোটর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
‎মিছিলের স্লোগান ছিল, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’, ‘‎জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’।

Source - www.prothomalo.com ↗