Bangladesh · 2026-11-12 20:33:54

‘ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে’

‘ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে’
ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে। আমি বই পড়েছি। আমার বিশ্বাস, ফল ভালো হবে—কথাগুলো বলছিল বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ধরা পাল। এই প্রতিযোগিতা ঘিরে তার কথায় ছিল উচ্ছ্বাস–উদ্দীপনা।
আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এই বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বই পড়া প্রতিযোগিতার পরীক্ষাটি হয় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের পাশে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে। সকাল সোয়া নয়টার দিকে সরেজমিন দেখা যায়, পরীক্ষা শেষে কেউ বেরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ আবার পাঠাগারে মূল অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছে। কেউ কেউ তখনো পরীক্ষার হলে।
পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বেঞ্চে বসে ছিল জামিয়া আক্তার। পরীক্ষার অভিজ্ঞতা জানতে চাইলে হাসিমুখে সে বলে, ‘খুব ভালো হয়েছে। বই পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মনে হচ্ছে, এমন আয়োজন নিয়মিত হলে ভালো হতো।’
ফাহিম মুনতাসির নামের এক শিক্ষার্থী জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তার কাছে ব্যতিক্রমী। পরীক্ষার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে। ভালো ফলের আশা করছে সে। আরেক শিক্ষার্থী তুলি সেন বলল, ‘জীবনে প্রথম এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে বই পড়ার ওপর পরীক্ষা দিলাম। এটা দারুণ উদ্যোগ।’
বই পড়া প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বসিত ধরা পালএই আয়োজন ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসূচির শুরুতে ছিল শিক্ষার্থীদের বই নিবন্ধন ও বই বিতরণ। পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের মাঠে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা—এ ধরনের আয়োজন সন্তানদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাঁরা। কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে এতে অংশ নিয়েছে।
কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর পরামর্শক মুনির হাসান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) সঙ্গে প্রতিযোগিতা করা যাবে না, আবার এআইয়ের কাছে সবকিছু দিয়ে দেওয়াও যাবে না। এআইকে টুলস হিসেবে ব্যবহার করতে হবে, যেন এটাকে কাজে লাগিয়ে নিজের উন্নতি করা যায়।’
বই পড়া প্রতিযোগিতার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশবই পড়ার গুরুত্ব তুলে ধরে মুনির হাসান বলেন, ‘বই পড়লে জানাশোনা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। তাই মোবাইলের পর্দায় বেশি সময় না দিয়ে বই পড়ায় মনোযোগী হতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি) যৌথভাবে প্রথম হয়েছে জামালপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস ও জামালপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাজিনা তাসনিম। যৌথভাবে দ্বিতীয় হয়েছে তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস ও জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবুল্লাহ রাফিন। খৈকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহসিন আকন্দ তৃতীয় হয়েছে।
‘খ’ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম হয়েছে কালীগঞ্জ আর আর এন পাইলট স্কুলের ইয়াসির আরাফাত, দ্বিতীয় হয়েছে সেন্ট মেরীস গার্লস হাই স্কুলের সাদিয়া সুলতানা আর যৌথভাবে তৃতীয় হয়েছেন বেগম রাবেয়া আহমেদ উচ্চবিদ্যালয়ের ফাহমিদা আক্তার ও চুপাইর (সুপায়ের) উচ্চবিদ্যালয়ের নবদ্বীপ কুমার সূত্রধর।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর পরামর্শক মুনির হাসান‘গ’ বিভাগে (নবম থেকে দশম) প্রথম হয়েছে সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের সাইফ আল হাসান, দ্বিতীয় হয়েছে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত ফারিয়া আর যৌথভাবে তৃতীয় হয়েছেন তুমিলিয়া বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আলী আজগর ও লিরিক চন্দ্র।
‘ঘ’ বিভাগে (একাদশ থেকে স্নাতকোত্তর) বিভাগে প্রথম হয়েছে আজমতপুর স্কুল অ্যান্ড কলেজের ফাহমিদা খান, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের মোসা. জান্নাতুন আর তৃতীয় হয়েছে সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া আক্তার।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এ সময় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে বই উপহার দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর পরামর্শক মুনির হাসান। বেলা দুইটার দিকে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

Source - www.prothomalo.com ↗