Bangladesh · 2026-11-12 20:18:03

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—পঞ্চম পর্ব

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—পঞ্চম পর্ব
চতুর্থ পর্বের শেষে উল্লিখিত হয়েছিল, ১৩৩৭ সালে নিকোমিডিয়া জয় করেন ওরহান গাজী। নিকোমিডিয়া জয় করার পর ওরহান কয়েক দিনের মধ্যেই ১৩৩৮ সালে স্কুতারি নামক সমুদ্রতীরবর্তী অঞ্চল দখল করে নেন। এর ফলে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ ভূমি ওসমানী সাম্রাজ্যের অধীনে এসে পড়ে। ১৩৪৫ সালের দিকে ওসমানীয় সাম্রাজ্যের পার্শ্ববর্তী রাষ্ট্র কারেসি বেইলিকে বিদ্রোহ ও অস্থিরতার দামামা বেজে ওঠে। তখন কারেসির দুই শাসক দেমিরহান বে ও ইয়াখশি বের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলতা পরিলক্ষিত হয়। এর সমসাময়িক প্রেক্ষাপট তৈরি হয়েছিল অবশ্য বিভিন্ন কারণেই। বলা বাহুল্য, কারেসি বেইলিক তুর্কি ও আনাতোলিয়ার ইতিহাসে স্মরণীয় একটি রাষ্ট্র। খ্যাতির কারণ ছিল কারেসি বেইলিকের প্রতিষ্ঠাতা কারেসি বের শক্তিশালী নৌবাহিনী, যারা রোমান সাম্রাজ্যকে জলপথে আটকে দিতে সক্ষম হয়েছিল। ১৪ শতাব্দীর শুরুতেই জলপথে বাণিজ্য করে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছিল কারেসি রাষ্ট্র। উপকূলবর্তী কারেসি রাষ্ট্রের নৌবাহিনীর জনপ্রিয়তা আনাতোলিয়ার প্রায় সব রাষ্ট্রের কাছেই। ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে অনেক বছর তাদের ব্যবসায়িক চুক্তি ছিল, কারেসি বের আমল থেকেই।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: ns@prothomalo.comমূলত, ১৩২৮ সালে কারেসি বের মৃত্যুর পর থেকেই ঝামেলা শুরু হয়। তাঁর মৃত্যুর পর কারেসি বেইলিকের সিংহাসনে বসেন তাঁর বড় ছেলে দেমিরহান বে। তবে শাসনকার্য শুরু করার কিছুদিনের মধ্যেই তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করে। রাষ্ট্রের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে জনগণের একটি বড় অংশেরও ক্ষোভ ছিল তাঁর ওপর। চার বছর পর, ১৩৩২ সালে দেমিরহানের ছোট ভাই ইয়াখশি বে নিজেকে রাষ্ট্রের প্রধান বে হিসেবে ঘোষণা করেন এবং দেমিরহানকে অযোগ্য শাসক বলে অভিহিত করেন। এ ক্ষেত্রে জনগণের কিছুটা সমর্থনও পেয়েছিলেন ইয়াখশি বে। এভাবে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। দেমিরহান নিজেকে রাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ আমির হিসেবে অভিহিত বালিকসেহির অঞ্চল শাসন করতে থাকেন, অন্যদিকে ইয়াখশি বে পেগারমস অঞ্চল শাসন করতে থাকেন। তবে দ্রুতই অশান্তির সৃষ্টি হয় বেইলিকের অঞ্চলগুলোতে। কয়েকটি ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইয়াখশি বে ‘দুরসুন’ নামেও পরিচিত ছিলেন।
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—চতুর্থ পর্বপরবর্তী সময়ে, ১৩৪১ সালের দিকে দেমিরহান ও ইয়াখশি দুজনই নিজেদের পাল্টাপাল্টি কারেসি রাষ্ট্রের একক আমির হিসেবে দাবি করেন। ফলে তাঁদের অনুগত নিজস্ব সৈন্যবাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে এবং তা এক সময় সংঘাতে রূপ নেয়। দুই ভাই নিজেদের বাহিনী নিয়ে কয়েকবার মুখোমুখি লড়াইয়ে উপনীত হয়েছিলেন এবং তাঁদের অনুসারীদের মধ্যে কয়েকটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছিল। ১৩৪৫ সাল পর্যন্ত চলমান সংঘাতে ব্যাপক রক্তপাত ঘটেছিল। ইয়াখশি বে বেশ কয়েকবার সফল হওয়ার চেষ্টা করলেও দেমিরহানকে বালিকসেহির থেকে সরাতে ব্যর্থ হন। ১৩৪৫ সালে দুই ভাইয়ের এমন গৃহযুদ্ধের পরিস্থিতি দেখে পার্শ্ববর্তী সাম্রাজ্যের প্রধান হিসেবে ওরহান গাজী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। ইয়াখশি বে তখন ওরহান গাজীর সঙ্গে দেখা করেন এবং সিংহাসনের যোগ্য উত্তরসূরি হিসেবে ওরহান গাজীর সমর্থন লাভ করেন। তবে দেমিরহান বে ওরহান গাজীর শান্তির বার্তায় সায় দেননি। জনগণের কিছুটা বেশি সমর্থন লাভ করায়, কারেসি রাষ্ট্রের অধিকাংশ গণ্যমান্য ব্যক্তি ইয়াখশি বের পক্ষে অবস্থান নেন এবং ইয়াখশি বে তৎক্ষণাৎ ওরহান গাজীকে কারেসি রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দেমিরহান বে তা মানতে না পেরে ওরহানের ভয়ে বারগামা দুর্গে আশ্রয় নেন। পরবর্তী সময়ে ওরহানের পরামর্শে ইয়াখশি বে সরাসরি বড় ভাই দেমিরহানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি শান্তিপূর্ণ আলোচনা করতে বারগামা দুর্গে যান। তবে দেমিরহান এটাকে সুযোগ হিসেবে ভেবে, তাঁর গোপন তিরন্দাজকে দিয়ে দুর্গের প্রবেশদ্বারেই ইয়াখশি বেকে তিরবিদ্ধ করে হত্যা করেন। ইয়াখশি বের এমন হত্যাকাণ্ডে তাঁর সমর্থকেরা শুধু বারগামা নয়, বরং কারেসি রাষ্ট্রের প্রায় সব অঞ্চলেই বিদ্রোহ ছড়িয়ে দেন।
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—তৃতীয় পর্বদেমিরহানের এভাবে নিজ ভাইকে হত্যা করা বেশ মর্মাহত করে ওরহানকে। তা ছাড়া ওসমানীয়দের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা ইয়াখশি বেকে হত্যা করায় ওরহান প্রতিশোধ হিসেবে কারেসি রাষ্ট্রে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ চালান। প্রায় ১০ হাজার ওসমানীয় সৈন্যবাহিনী বালিকসেহির, পেগামস, চানাক্কাল ও উপকূলীয় দার্দেনালিস অঞ্চলে দেমিরহানের অধীন কারেসি বাহিনীকে পরাজিত করে সেগুলো দখল করে নেয়৷ অবশেষে বারগামা দুর্গে ওরহানের সৈন্যরা আক্রমণ শুরু করলে কিছু সময়ের যুদ্ধের পর বেশ হতাহতের পর দুর্গ ছেড়ে পালিয়ে যান কারেসি রাষ্ট্রের সৈন্যরা। বারগামা দুর্গের নিয়ন্ত্রণ নিয়ে ওরহান গাজী তখন দেমিরহানকে দুর্গ থেকে আটক করে বুরসায় পাঠিয়ে দেন। এর ফলে কারেসি রাষ্ট্রের পতন হয়। কারেসি রাষ্ট্রের অধীন সব অঞ্চল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। এ অঞ্চলগুলোতে ধীরে ধীরে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনেন ওরহান বে। প্রায় দুই লাখ বাসিন্দার একসময়ের কারেসি অঞ্চল ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এভাবে একটি রাষ্ট্র দখল করে ওরহানও খ্যাতি লাভ করেন। তা ছাড়া দেমিরহান বে ওসমানীয় সাম্রাজ্যে কয়েদি হিসেবে দুই বছর অতিবাহিত করার পর কারাগারেই মৃত্যুবরণ করে। চলবে...
*লেখক: তাওহীদ জানান অভিক, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক এক নাম—পর্ব দ্বিতীয়

Source - nagorik.prothomalo.com ↗