পরীক্ষার তারিখ ঘোষণা হলেই দুশ্চিন্তা শুরু। বুক ধড়ফড় করা, পড়ায় মনোযোগ হারানো, পরীক্ষার হলে সব ভুলে যাওয়ার ভয়—এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক শিক্ষার্থীকে যেতে হয়। বিশেষ করে এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে থাকলে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের মধ্যেই উদ্বেগ বাড়ে। তবে পরীক্ষার আগে সামান্য দুশ্চিন্তা স্বাভাবিক হলেও কারও কারও ক্ষেত্রে তা তীব্র ভীতিতে রূপ নেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘এক্সাম ফোবিয়া’ বা পরীক্ষাভীতি।
মনোবিদদের মতে, পরীক্ষার আগে কিছুটা উদ্বেগ থাকলে তা পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে। কিন্তু সেই উদ্বেগ যখন স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়, তখন বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পরীক্ষায় ভালো ফল করার অতিরিক্ত চাপ, প্রস্তুতি অসম্পূর্ণ থাকার ভয়, আত্মবিশ্বাসের অভাব কিংবা অন্যদের সঙ্গে নিজের ফলাফল তুলনা করার প্রবণতা থেকে পরীক্ষাভীতি তৈরি হতে পারে।
পরীক্ষা এলেই আতঙ্ক? যেভাবে কাটাবেন পরীক্ষাভীতি

অনেক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেও পরীক্ষায় খারাপ করার আশঙ্কায় ভোগে। তাদের মনে বারবার প্রশ্ন আসে—পরীক্ষার হলে সব মনে থাকবে তো? ভালো ফল করতে পারব তো? শেষ পর্যন্ত ফেল করব না তো?
এই দুশ্চিন্তা কখনো এতটাই বেড়ে যায় যে পরীক্ষার প্রস্তুতির বদলে ভয়ই হয়ে ওঠে প্রধান সমস্যা।
যেভাবে বুঝবেন পরীক্ষাভীতি তৈরি হয়েছে
পরীক্ষার আগে উদ্বেগ স্বাভাবিক। তবে কিছু লক্ষণ দীর্ঘ সময় ধরে দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
- পরীক্ষার তারিখ বা সিলেবাস প্রকাশের পর থেকেই অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তা শুরু হওয়া।
- পড়াশোনার বাইরে অন্য কাজেও মনোযোগ দিতে না পারা।
- প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও পরীক্ষায় সব ভুলে যাওয়ার আশঙ্কা করা।
- পড়তে বসলে বারবার মনোযোগ হারিয়ে ফেলা।
- নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হওয়া এবং আত্মবিশ্বাস কমে যাওয়া।
- পরীক্ষার কথা উঠলেই বুক ধড়ফড়, অতিরিক্ত ঘাম, বমি ভাব বা পেটের সমস্যা দেখা দেওয়া।
- বন্ধু কিংবা ভাইবোনের সঙ্গে নিজের প্রস্তুতি ও ফলাফলের তুলনা করে হীনম্মন্যতায় ভোগা।
- বারবার অভিভাবকদের কাছে পরীক্ষায় ভালো ফল হবে কি না, তা জানতে চাওয়া।
এসব লক্ষণ তীব্র হলে বা দৈনন্দিন জীবন ব্যাহত করলে মনোবিদ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই ভয় ও উদ্বেগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পরীক্ষার চাপ সামলাতে পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। মনোবিদদের পরামর্শ অনুযায়ী, কয়েকটি অভ্যাস পরীক্ষাভীতি কমাতে সহায়ক হতে পারে।
১. পড়ার মাঝে বিরতি নিন: অতিরিক্ত দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব করলে জোর করে পড়তে বসে থাকবেন না। কিছুক্ষণের জন্য বিরতি নিন।
২. শরীরকে শিথিল করুন: বিরতির সময় হাত-পা ছড়িয়ে বসুন, হালকা স্ট্রেচিং করুন। নিজেকে কিছুটা সময় দিন।
৩. সহজ বিষয় দিয়ে শুরু করুন: বিরতির পর কঠিন অধ্যায় নিয়ে বসার পরিবর্তে পরিচিত ও সহজ কোনো বিষয় পড়ুন। একটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়া কিংবা ছোট একটি প্রশ্নের উত্তর লেখার মাধ্যমে শুরু করতে পারেন।
৪. শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন: ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস নিন এবং ছয় সেকেন্ড ধরে ছাড়ুন। কয়েকবার এভাবে অনুশীলন করলে অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে।
৫. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন: একসঙ্গে অনেক কিছু শেষ করার চাপ না নিয়ে পড়াশোনাকে কয়েকটি ছোট ভাগে ভাগ করুন। একটি অংশ শেষ হলে পরেরটিতে মনোযোগ দিন।
৬. নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখুন: অন্যের সঙ্গে নিজের পড়াশোনার তুলনা না করে নিজের অগ্রগতির দিকে নজর দিন।
অভিভাবকদেরও থাকতে হবে সতর্ক
পরীক্ষাভীতি কমাতে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। অনেক সময় ভালো ফল করার জন্য পরিবারের অতিরিক্ত প্রত্যাশা ও চাপ শিক্ষার্থীর উদ্বেগ বাড়িয়ে দেয়। তাই এ সময়ে সন্তানদের সঙ্গে আচরণে কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
- অন্য শিক্ষার্থী, বন্ধু কিংবা ভাইবোনের সঙ্গে সন্তানের তুলনা করবেন না।
- যেকোনো মূল্যে ভালো ফল করতেই হবে—এমন চাপ তৈরি করবেন না।
- বারবার পরীক্ষার তারিখ মনে করিয়ে দিয়ে উদ্বেগ বাড়াবেন না।
- সন্তান পরীক্ষায় ভালো করবে কি না, এমন প্রশ্নের পুনরাবৃত্তি হলে তাকে বকাঝকা না করে আশ্বস্ত করুন।
- তার প্রস্তুতির প্রশংসা করুন এবং ভুল হলে তা সংশোধনের সুযোগ দিন।
- পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের সুযোগ নিশ্চিত করুন।
- অতিরিক্ত ভয় বা উদ্বেগ দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে উৎসাহিত করুন।
পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলেও এটিই জীবনের সবকিছু নয়। ভালো ফলের প্রত্যাশা থাকা স্বাভাবিক, কিন্তু সেই প্রত্যাশা যেন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।
পরিবারের সহযোগিতা, নিয়মিত পড়াশোনা, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার কাউন্সেলিংয়ের মাধ্যমে পরীক্ষাভীতি মোকাবিলা করা সম্ভব। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নিজের মনের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
Source - www.bd24live.com ↗