নাটোরের বড়াইগ্রামে এক প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সটি মাসিক অর্থের বিনিময়ে ভাড়া নিয়ে মেসার্স রফিকুল ট্রেডার্সের মাধ্যমে সার বিক্রি করছেন রফিকুল ইসলাম।
স্থানীয়রা বলেন, আহম্মেদপুর এলাকায় মেসার্স মাহি এন্টারপ্রাইজের নামে ইস্যু করা লাইসেন্স ব্যবহার করে সার বিক্রি করা হচ্ছে। ২০০৯ সালে আব্দুল মান্নানের নামে লাইসেন্সটি ইস্যু করা হয়। বর্তমানে মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিক হিসেবে রয়েছেন আব্দুল মান্নানের স্ত্রী বিলকিস বেওয়া। তিনি একজন গৃহিণী।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের মৃত্যুর পর থেকেই লাইসেন্সটি মাসিক টাকার বিনিময়ে রফিকুল ইসলামের কাছে ভাড়া দেওয়া হয়। সেই লাইসেন্স ব্যবহার করেই মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নাটোরের বড়াইগ্রামে ভাড়ার লাইসেন্সে সার বিক্রির অভিযোগ

রফিকুল ইসলাম পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায় বাসিন্দা।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালে লাইসেন্স করার সময় দোকানের নাম ও লাইসেন্সের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।
অভিযোগের বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, সার বিক্রির লাইসেন্স অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার সুযোগ নেই। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অন্য প্রতিষ্ঠানের নামে সার বিক্রির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗