Bangladesh · 2026-11-12 23:28:37

আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে সাত দেশের নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রয়র্টাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার মধ্যে একটিতে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহর প্রবেশমুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে কয়েকজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

অন্যদিকে, পৃথক আরেকটি দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী যমজ ভাইবোন এবং তাঁদের তিন বছর বয়সী ভাগনে।

পরিবারটি দীর্ঘদিন ধরে ফুজাইরাহতে বসবাস করছিল। শারজাহ থেকে ফুজাইরাহ ফেরার পথে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরিবারের আরও চার সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুজাইরাহর এক সমাজকর্মীর বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, নিহত তরুণের বাবা শহরটিতে একটি খাবারের দোকান পরিচালনা করেন। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Source - www.bd24live.com ↗