Bangladesh · 2026-11-13 10:19:37

পটিয়ায় মাহিন্দ্রা লেগুনা উল্টে একই পরিবারের ১৪ জন আহত

পটিয়ায় মাহিন্দ্রা লেগুনা উল্টে একই পরিবারের ১৪ জন আহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বপরিবারে একটি মেজবানে যাওয়ার পথে মাহিন্দ্রা লেগুনা উল্টে একই পরিবারের নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (মনসা মুন্সির বাড়ি) এলাকা থেকে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা মাহিন্দ্রা লেগুনা করে চন্দনাইশের রওশনহাট এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন।

সেখানে এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে পটিয়া মডেল মসজিদের সামনে মাহিন্দ্রা লেগুনাটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ ১৪ জনের বেশি যাত্রী আহত হন।

আহতরা হলেন: আনোয়ারা খাতুন (৬০), বোরহান (৪০), সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), রুবি আক্তার (৩০), ইরফান (১৮), সাদিকা (৬), খাইরুন্নেয়সা (৩৫) ও তানিয়া সুলতানা (১৮)। আহতদের সবার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Source - www.bd24live.com ↗