Bangladesh · 2026-11-13 12:40:58

চার দফায় সোনার দাম কমল ভরিতে প্রায় ১০ হাজার টাকা

চার দফায় সোনার দাম কমল 
ভরিতে প্রায় ১০ হাজার টাকা
বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা চার দফায় সোনার দাম ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমেছে। তার মধ্যে আজ শুক্রবার ছুটির দিনে দাম প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। এর আগে গত ৬ ও ১১ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। গতকাল বৃহস্পতিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা।
টানা চার দফায় সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমায় আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। সোনার এই দাম গত ১ অক্টোবরের পর সবচেয়ে কম। তারপর চার দিনেই (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।
নতুন দর অনুযায়ী, আজ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ২ হাজার ১০০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে সবচেয়ে কম, ১ হাজার ৪৫৮ টাকা। প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হয়েছে।
সোনার দাম কমানোর পেছনে বাজুস বলেছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে দরপতন। যদিও দরপতনের পর আজ স্পট মার্কেটে সোনার দাম কিছুটা বেড়েছে, আউন্সপ্রতি ২০ ডলার। দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯০১ মার্কিন ডলার।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে সোনা ও রুপার অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নিতে পারবে না জুয়েলারি প্রতিষ্ঠান।

Source - www.prothomalo.com ↗