Bangladesh · 2026-11-13 12:00:00

হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত

হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিত
অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন।
অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর বিয়ের পর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়, তাই বিয়ের আগে বিষয়টি সঙ্গীকে জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেনকিছু বিষয় সংবেদনশীল হলেও বিয়ের আগেই তা নিয়ে হবু সঙ্গীর সঙ্গে কথা বলা প্রয়োজন। ছেলে-মেয়ে দুজনের জন্যই এমন কিছু বিষয় রয়েছে। ইদানীং অনেক মেয়েকেই পিসিওএসের সমস্যায় ভুগতে দেখা যায়। আন্তর্জাতিকভাবে এ রোগকে এখন বলা হয় পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)। তবে সাধারণ মানুষের কাছে রোগটি পিসিওএস নামেই পরিচিত।
মাসিক চক্রের স্বাভাবিক নিয়মে প্রজননক্ষম বয়সের একজন সুস্থ নারীর ডিম্বাশয় থেকে প্রতি চক্রে একটি ডিম্বাণু নিঃসরণ হওয়ার কথা। পিসিওএস বা পিএমওএস থাকলে প্রতি মাসে এই ডিম্বাণু নিঃসরণ না-ও হতে পারে। তাই পিসিওএসের সঙ্গে প্রজননক্ষমতার সম্পর্ক আছে। অনেক সময় পিসিওএসে আক্রান্ত নারীর সন্তান ধারণে জটিলতার সৃষ্টি হয়। তাহলে পিসিওএস বা পিএমওএসে আক্রান্ত নারীর বিয়ের আগে তাঁর হবু সঙ্গীকে জানানো কি জরুরি?
গর্ভপাতের কত দিন পর গর্ভধারণ করা ভালোপিসিওএস হলেই কি মা হওয়ার সম্ভাবনা কমে যায়
এখন বহু নারীই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) ভোগেন। এ রোগের অন্যতম উপসর্গ অনিয়মিত মাসিক। তবে অন্যান্য কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই কারও মাসিক অনিয়মিত হলেই তিনি পিসিওএসে আক্রান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
পিসিওএস হলে পুরুষের মতো কিছু বাড়তি লোমের উপস্থিতিও দেখা যেতে পারে। ব্রণ বা চুল পড়ার মতো কিছু সমস্যাও হতে পারে। স্থূলতার এবং বিপাকীয় (মেটাবলিক) স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তবে সবারই সব উপসর্গ থাকে না। উপসর্গ যেটিই হোক, সমাধানের সুযোগ আছে।
স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. ফারজানা রশীদ বলছিলেন, ‘রোগটি সম্পর্কে বিয়ের আগেই হবু বর বা তাঁর পরিবারকে কিছু জানানো আবশ্যক নয়। এটা ঠিক যে পিসিওএস আক্রান্ত নারী গর্ভধারণে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন। কারও কারও গর্ভপাতের ঝুঁকিও থাকে। তবে সঠিক চিকিৎসায় পিসিওএস থাকলেও একজন নারী মা হতে পারেন।’
কেন এখন নারীদের রোগটা বেশি হচ্ছে
আপনার চেনাজানা অনেকেই হয়তো পিসিওএস বা পিএমওএসে ভুগছেন। সাম্প্রতিক সময়ে পিসিওএসে আক্রান্ত নারীদের অনেককে গর্ভধারণজনিত জটিলতার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। তাই বিষয়টা নিয়ে উদ্বেগও বাড়ছে। ডা. ফারজানা রশীদ জানালেন, পিএমওএসের সঙ্গে জিনগত বিষয় জড়িত থাকতে পারে।
আধুনিক জীবনে শারীরিক শ্রম বা খেলাধুলার সুযোগ কমে যাওয়া কিংবা অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণের কারণেও এ রোগ বাড়তে পারে। আরেকটি বিষয়ও উল্লেখ করলেন তিনি। আগের চেয়ে এখন রোগনির্ণয়ের সুযোগ বেশি। এ কারণেও আপাতদৃষ্টে মনে হতে পারে, রোগের হার বেড়েছে। তবে আধুনিক জীবনের ‘আয়েশি’ ধারার দায়টাকেও পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই বলেই জানালেন এই বিশেষজ্ঞ।
জীবনসঙ্গীর কি শারীরিক সম্পর্কে আগ্রহ নেইবিয়ের আগেই বন্ধুত্ব থাকলে
বিয়ের আগে হবু সঙ্গীর সঙ্গে কারও কারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝাপড়াও থাকে। এমন ক্ষেত্রে অনেকেই ব্যক্তিগত বিষয়ও হবু সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন। এমনকি নিজের শারীরিক সমস্যার কথাও বলেন।
শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ বলছিলেন, ‘ সমাজে আজও অনেক ক্ষেত্রেই নারীর সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয় তাঁর বৈবাহিক অবস্থা কিংবা সন্তান ধারণক্ষমতার মতো বিষয় দিয়ে। একজন নারী চাইলে তাঁর হবু বরের সঙ্গে নিজের পিসিওএসের কথা ভাগ করে নিতে পারেন। সেটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত।’
এই চিকিৎসক আরও বললেন, ‘সঙ্গী হিসেবে জীবনের সব ঘাত-প্রতিঘাত একসঙ্গে সামলে নেওয়ার প্রত্যয়েই রোগের কথা জানাতে চাইতে পারেন একজন নারী। তবে রোগের কথা বলার পরে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে কি না, সে ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে।‘ গভীর আবেগ নিয়ে সম্পর্ক শুরু হলেও নানান কারণেই তা বিয়ে অবধি না-ও গড়াতে পারে। পরে ওই নারী সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
তাই নিজের রোগ সম্পর্কে বলার সিদ্ধান্ত নিলে হবু বরের সততা ও বিশ্বস্ততা এবং দুজনের পারস্পরিক সম্মানের বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। বললেও বিষয়টাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রয়োজন নেই। হবু বরের পরিবারের সঙ্গে আগে থেকে এ নিয়ে আলাপ করারও প্রয়োজন নেই। রোগ সম্পর্কে ধারণা না থাকায় কিংবা কেবল ইন্টারনেটনির্ভর তথ্যের ভিত্তিতে অনেকেই রোগটিকে ‘খারাপ কিছু’ ভেবে নিতে পারেন।
অচেনা মানুষের সঙ্গে বিয়ে?
সম্পূর্ণ অচেনা দুজন মানুষের বিয়ে হলে পরস্পরকে জানতে সময় লাগে। এমন ক্ষেত্রে হবু সঙ্গীর বিশ্বস্ততা কিংবা মানসিকতার অন্যান্য দিক সম্পর্কে আগে থেকে জানার সুযোগ তুলনামূলক কম থাকে। এ ধরনের বিয়েতেও আগেভাগে এই রোগ সম্পর্কে জানানোর প্রয়োজন নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা।
বিয়ের পরে জানলে?
পিসিওএস বা পিএমওএস থাকলে বিয়ের আগে তা বরপক্ষকে না জানানো কোনো ‘নৈতিক অপরাধ’ নয়। তবু যদি বিয়ের পর এ রোগের কথা জেনে বরপক্ষের কেউ নেতিবাচক ধারণা করেন, কিংবা বলেন, ‘এ সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল’, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে সঙ্গীকে এ রোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়া যেতে পারে।
মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

Source - www.prothomalo.com ↗