Bangladesh · 2026-11-13 13:27:11

চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ

চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
এক যুবককে ডেকে নেওয়া হয় একটি মাঠে। সেখানে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এরপর আহত অবস্থাতেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি গুদামে। সেখানে হাত-পা বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। তবে এবার বাঁশ দিয়ে নয়, প্রায় দুই ঘণ্টা ধরে পেটানো হয় বৈদ্যুতিক তার দিয়ে। মারধরের একপর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই যুবক, পরে মৃত্যু হয় তাঁর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ঘটে এ ঘটনা। মারা যাওয়া ওই যুবকের মরদেহ একটি মাঠে রেখে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিহত যুবকের নাম মোবারক ইসলাম। তিনি পতেঙ্গা এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাঁদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চরে বসবাস করত। তবে সরকার সেখান থেকে বাসিন্দাদের উচ্ছেদের পর চার বছর ধরে নানাবাড়ি চরপাড়ায় বসবাস করে আসছেন মোবারক ও তাঁর পরিবার।
মোবারককে হত্যার ঘটনায় গতকাল রাতে পতেঙ্গা থানায় একটি মামলা করেছেন তাঁর বাবা। মামলায় আটক ব্যক্তিসহ চারজনকে আসামি করা হয়েছে। মোবারকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোবারক হত্যায় আটক ব্যক্তির নাম মোহাম্মদ মুসা। তিনিও পতেঙ্গা এলাকার বাসিন্দা। এভারগ্রিন কটন কারখানা নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মুসা। মোবারকের পরিবারের অভিযোগ, মুসা ও তাঁর ছেলে হাবিব আরও দুজনের সহায়তায় মোবারককে পিটিয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ মুসার একটি সাইকেল সম্প্রতি চুরি হয়। মুসা চোর সন্দেহে মোবারককে ডেকে নিয়ে যান। এরপর তাঁকে স্থানীয় একটি মাঠে বাঁশ দিয়ে পেটান। পরে তাঁকে একটি গুদাম ঘরে নিয়ে হাত-পা বেঁধে টানা দুই ঘণ্টা মারধর করা হয়। স্থানীয় কয়েক বাসিন্দা বাধা দিতে গেলে তাঁদের হুমকি দেন মুসা। মারধরের একপর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তাঁকে এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন। এরপর মুসা মোবরকের মরদেহ মাঠে ফেলে রেখে পালানো চেষ্টা করেন। এ সময় বাসিন্দারা তাঁকে ধাওয়া দিয়ে আটক করে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, বাইসাইকেল চুরির অভিযোগে মুসা ও তাঁর ছেলে হাবিব মোবারককে পিটিয়েছেন। মোবারককে তাঁরা শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। মারধরের একপর্যায়ে মোবারকের মৃত্যু হয়েছে। ওসি বলেন, মোবারকের বাবার করা মামলাটিতে মুসাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলমান।
মোবারকের মা আমেনা বেগম জানান, তাঁর ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে বেশ কিছুদিন ধরে তাঁর বাবার চায়ের দোকানটি দেখাশোনা করে আসছেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। এরপর ছেলেকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। পরে বিকেলে ছেলের মৃত্যুর খবর পেয়েছেন।
মামলার বাদী ও নিহত ব্যক্তির বাবা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে যারা পিটিয়ে মেরেছে, তাদের এমন শাস্তি হোক, যাতে আর কোনো বাবা ছেলেহারা না হয়।’

Source - www.prothomalo.com ↗