Bangladesh · 2026-11-13 14:24:55

নীলফামারীতে মৃত ১৪৭২ ভাতাভোগী শনাক্ত, নতুনদের অন্তর্ভুক্তির উদ্যোগ

নীলফামারীতে মৃত ১৪৭২ ভাতাভোগী শনাক্ত, নতুনদের অন্তর্ভুক্তির উদ্যোগ
নীলফামারীর কিশোরগঞ্জে অভিনব পদ্ধতিতে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীকে শনাক্ত করেছে উপজেলা প্রশাসন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী, বিধবা, স্বামী নিগৃহীতা ও বয়স্ক ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে ‘লাইভ ভেরিফিকেশন’-এর মাধ্যমে এই মৃত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এর ফলে মৃত ব্যক্তিদের স্থলে নতুন করে ১ হাজার ৪৭২ জন হতদরিদ্র মানুষ সরকারি ভাতার আওতায় আসার সুযোগ পাচ্ছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমানে ৭ হাজার ৬০০ জন প্রতিবন্ধী, ৭ হাজার ৩১৮ জন বিধবা এবং ১৪ হাজার ৭১৮ জন বয়স্ক ভাতাভোগী রয়েছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে গত ৩ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই কার্যক্রম পরিচালিত হয়। লাইভ ভেরিফিকেশন শেষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, সমাজকর্মী ও উদ্যোক্তার স্বাক্ষরিত তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাই শেষে মৃত ভাতাভোগীদের তালিকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মৃত ব্যক্তিদের ভাতা বন্ধ এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির পে-রোল স্থগিত করা হয়েছে।

ভাতাভোগী প্রতিস্থাপনের লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে নতুন আবেদন আহ্বান করা হয়। এছাড়া ‘সরকারি সেবা গ্রহণ করি, দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ব্যতিক্রমী ‘ভাতা মেলা’র মাধ্যমে সরাসরি হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের আবেদন গ্রহণ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা ও নতুন আবেদন থেকে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তিদের স্থলে নতুন উপকারভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতারা একে সরকারি অর্থের অপচয় রোধে একটি সময়োপযোগী ও মডেল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, মৃত ভাতাভোগী শনাক্ত করে নতুনদের অন্তর্ভুক্তির বিষয়টি প্রশংসার দাবি রাখে। সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ অত্যন্ত কার্যকর।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারি সহায়তার অপব্যবহার রোধে আমরা আন্তরিকতার সঙ্গে ডোর-টু-ডোর যাচাই কার্যক্রম পরিচালনা করেছি। এই প্রক্রিয়া ভবিষ্যতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, মৃত ভাতাভোগী শনাক্তকরণে আমাদের এই উদ্যোগ স্থানীয় পর্যায়েই নয়, দেশব্যাপী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

Source - www.bd24live.com ↗