Bangladesh · 2026-11-13 14:24:24

নেত্রকোণায় পরিচ্ছন্ন হচ্ছে শহর, বদলে যাচ্ছে প্রবেশপথের চিত্র

নেত্রকোণায় পরিচ্ছন্ন হচ্ছে শহর, বদলে যাচ্ছে প্রবেশপথের চিত্র
পরিচ্ছন্ন শহর, নির্মল পরিবেশ ও সড়কের পাশে সবুজের সমারোহ—এমন একটি বাসযোগ্য নেত্রকোনা গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ‘Clean Netrokona: Green Netrokona’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সচেতনতা তৈরিতে শুরু হয়েছে সমন্বিত কার্যক্রম। লক্ষ্য, নেত্রকোনাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ে তোলা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের উদ্যোগ ও নির্দেশনায় ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শহরের প্রবেশপথ মগড়া সেতুসংলগ্ন জয়বাজার এলাকায় দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড়টি অপসারণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সেখানে কাঁচাবাজারের বর্জ্য ফেলার স্থান তৈরি করা হয়েছিল। শহরে প্রবেশের মুখে এমন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করায় পথচারী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর ভাগাড়টি ভেঙে ফেলা হয়। পাশাপাশি সেখানে ময়লা-আবর্জনা না ফেলার নির্দেশনা দিয়ে সাইনবোর্ড স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ।

শুধু ময়লা অপসারণ নয়, শহরের প্রবেশপথকে দৃষ্টিনন্দন ও সবুজে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশেষ করে মগড়া নদীর তীরে সেতুসংলগ্ন ব্র্যান্ডশপ এলাকাটি পরিচ্ছন্ন করে সেখানে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নেত্রকোনার শহরে প্রবেশের চিত্রে আসবে ইতিবাচক পরিবর্তন। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে গড়ে উঠতে পারে একটি নতুন নগর সংস্কৃতি।

নেত্রকোনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ শুধু সৌন্দর্যবর্ধনের নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর নির্মাণের প্রত্যয়। পরিচ্ছন্নতায় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হলে ‘Clean Netrokona: Green Netrokona’ হয়ে উঠতে পারে একটি সফল দৃষ্টান্ত।

Source - www.bd24live.com ↗