Bangladesh · 2026-11-13 16:00:00

হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত

হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত
মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং।
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিজুলায় এখন হেমন্ত। শহরের রাস্তা, পার্ক, পাহাড়ের ঢাল আর ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাস ছেয়ে গেছে হলুদ, কমলা ও লাল পাতায়।
গাছের ডাল থেকে ঝরে পড়া পাতায় তৈরি হয়েছে রঙিন পথ। হালকা বাতাসে পাতার উড়ে বেড়ানো আর পায়ের নিচে মচমচ শব্দ—সব মিলিয়ে প্রকৃতি যেন সাজিয়েছে নিজের এক মায়াবী ক্যানভাস।
মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং। ক্লাসে যাওয়া-আসার পথে শিক্ষার্থীরা থেমে ছবি তুলছেন।
কেউ হাতে কফির কাপ নিয়ে হাঁটছেন, কেউ আবার ঝরে পড়া পাতার পথে উপভোগ করছেন বিকেলের স্নিগ্ধতা। ব্যস্ত ক্যাম্পাসে ঋতু পরিবর্তনের এই দৃশ্য যেন এনে দিয়েছে একটুখানি প্রশান্তি।
রঙিন পাতার আড়ালে শীতের প্রস্তুতি
হেমন্তের রূপ যতই মনোমুগ্ধকর হোক, মিজুলায় এখন শীতের আগমনীও স্পষ্ট। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকে। কখনো বৃষ্টি, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
রোদের দেখা মেলে কালেভদ্রে। সকাল ও সন্ধ্যায় ঠান্ডা বাড়ছে, কমে আসছে দিনের আলোও। তাই শীতের পোশাক হিসেবে জ্যাকেট, টুপি ও গ্লাভস বের করতে শুরু করেছেন শহরের বাসিন্দারা।
শহরের চারপাশের পাহাড়, বনাঞ্চল ও ক্লার্ক ফর্ক নদীর তীরেও ঋতু পরিবর্তনের ছাপ স্পষ্ট। পাহাড়ের ঢালে রঙের বদল, নদীর পাড়ে ঝরে পড়া পাতা আর মেঘে ঢাকা আকাশ মিলিয়ে তৈরি হয়েছে অন্য রকম এক প্রকৃতিচিত্র।
লোকালয়ে ভাল্লুকের আনাগোনা
মিজুলার প্রকৃতির সঙ্গে বন্য প্রাণীর উপস্থিতিও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরের আশপাশে পাহাড় ও বনাঞ্চল থাকায় এই সময় লোকালয়ের কাছাকাছি ভাল্লুকের আনাগোনা দেখা যায়।
বিশেষ করে রাতের বেলায় খাবারের সন্ধানে কখনো আবর্জনার পাত্র কিংবা বাড়ির আশপাশে চলে আসে তারা। দিনের বেলাতেও রাস্তা ও বসতবাড়ির কাছে ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ঘটে।
বন্য প্রাণীর এমন উপস্থিতি প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি দিলেও স্থানীয়দের জন্য এটি সতর্ক থাকার বিষয়।
তাই বাইরে খাবার না রাখা, আবর্জনার পাত্র নিরাপদে রাখা এবং ভাল্লুকের দেখা পেলে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন থাকতে হয়।
বাংলাদেশের হেমন্তের সঙ্গে যে পার্থক্য
বাংলাদেশে হেমন্ত মানেই পাকা ধানের সোনালি মাঠ, নবান্নের উৎসব আর শিশিরভেজা সকাল। মিজুলার হেমন্তের রূপ অবশ্য আলাদা।
সেখানে ধানখেতের বদলে চোখে পড়ে রঙিন পাতার মেলা, বৃষ্টিভেজা পথ আর বরফশীতল আবহাওয়ার পূর্বাভাস। ঋতু এক হলেও ভূপ্রকৃতি ও প্রকৃতির রূপ বদলে দিয়েছে হেমন্তের অভিজ্ঞতা।
তবে এই রঙিন সময় বেশিদিন স্থায়ী হবে না। শিগগিরই গাছগুলো পাতাশূন্য হয়ে পড়বে, তাপমাত্রা আরও কমবে। একসময় বরফে ঢেকে যেতে পারে শহরের পথঘাট ও চারপাশের পাহাড়।
তাই মিজুলার বাসিন্দাদের কাছে এখন প্রতিটি রোদেলা বিকেল, পাতাঝরা পথ আর শীতল বাতাস হয়ে উঠেছে উপভোগের বিশেষ মুহূর্ত। প্রকৃতির রঙিন বিদায়বেলায় শহরটি যেন নীরবে অপেক্ষা করছে শীতের নতুন অধ্যায়ের জন্য।
ছবি: লেখক

Source - www.haal.fashion ↗