Bangladesh · 2026-11-13 15:27:39

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা
বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম পাওয়ার অব শি।
১৯ নভেম্বর বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। দিবসটি আগাম উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মেলায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে নানা আয়োজন। সকাল ১০টায় শুরু হওয়া মেলাটি চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত
আয়োজনের অংশ হিসেবে রয়েছে মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, নারীস্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা।
এবারের আয়োজনের অন্যতম বিশেষ উদ্যোগ ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’। এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তা মাত্র দুই হাজার টাকায় একটি করে স্টল বরাদ্দ পেয়েছেন। সেখানে তাঁরা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ১৭ জন অভিজ্ঞ নারী উদ্যোক্তা তাঁদের পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন।
নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, পণ্যের ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
পাওয়ার অব শি ট্রাস্ট ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের বিকাশ এবং নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ, প্রদর্শনী, উদ্যোক্তা সম্মেলন ও নেটওয়ার্কিং উদ্যোগের মাধ্যমে প্রতিবছর উপকৃত হচ্ছেন শতাধিক নারী উদ্যোক্তা।
প্ল্যাটফর্মটির চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, পণ্যের প্রচার ও প্রসার, নতুন বাজার সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নারীদের নিজস্ব সক্ষমতা ও উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই পাওয়ার অব শি ট্রাস্টের অন্যতম লক্ষ্য।’

Source - www.haal.fashion ↗