গোপালগঞ্জ শহরে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর এ মিছিল হয়। এ ছাড়া সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মিছিল এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ ঘুরে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়ক অবরোধ

এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজের ওপর গিয়ে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে, আমাদের কাছে তথ্য নেই। আমাদের পুলিশি টহল অব্যাহত আছে।’
শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন মিছিল ও বিক্ষোভের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Source - www.bd24live.com ↗